আরটিভিতে আগামীকাল সোমবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার শুরু হচ্ছে নতুন কমেডিনির্ভর গল্পের ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। সুজিত বিশ্বাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন মাসুদ।
এতে অভিনয়ে রয়েছেন তন্ময় সোহেল, মানসী প্রকৃতি, শফিক খান দিলু, শিরিন আলম, মিলন ভট্টাচার্য্য, সমু চৌধুরী, সেলজুক, ফাতেমা হীরা প্রমুখ। নাটকটি আরটিভিতে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার করা হবে।
গল্পে দেখা যাবে সোনার চর গ্রামের নাম এখন আর কেউ সোনার চর বললে চিনে না। বেশ আগেই সোনার চর নাম বদলে এই গ্রামের নাম হয়েছে চালাক চর। চালাক চর নামকরণ মানে এই নয় যে, এই গ্রামের বেশির ভাগ মানুষ চালাক। বিষয়টা এর উল্টো। কাকতালীয়ভাবে এই গ্রামের বেশির ভাগ মানুষই বোকা। কিন্তু তারা নিজেদের মহাপণ্ডিত ভাবেন।
অথচ সারা দিন তারা নিখুঁতভাবে নানা ধরনের বোকামি করে। কেউ দোকান বা বাসাবাড়ির ঘরে তালা দিল। চাবি হারিয়ে যাবে বলে, সেই চাবি তালার পাশেই কোথাও ঝুলিয়ে রাখে। তাদের হিসাব এবার আর চাবি হারাবে না। কিন্তু চোর যে তালার পাশে ঝুলানো চাবি দিয়ে সহজে তালা খুলে সব নিয়ে যাবে। এই হিসাব এই বোকার চরের মানুষের নেই। এমন সব মজার ঘটনা নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।
/এমএস