দেশের রক সংগীতপ্রেমীদের কাছে অন্যতম পছন্দের ব্যান্ড ওয়ারফেজ। ১৯৮৪ সালের ৫ জুন দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরুর পর থেকেই ‘অবাক ভালোবাসা’, ‘বসে আছি একা’, ‘জীবনধারা’, ‘অসামাজিক’, ‘পূর্ণতা’-এর মতো গানগুলো দিয়ে দেশ-বিদেশের অগণিত শ্রোতাদের মুগ্ধ করে চলেছে তারা।
গত বছর (২০২৪) গানের জগতে নিজেদের চার দশক উদযাপন করেছে ওয়ারফেজ। সেই উপলক্ষ্যে দেশ-বিদেশে বছরব্যাপী কনসার্ট সফরের ঘোষণা দেয় তারা। তারই অংশ হিসেবে জানা গেল, এক মাসের অস্ট্রেলিয়া সফর শেষে এবার কানাডা সফরে যাবে দেশের জনপ্রিয় এই মিউজিক ব্যান্ডটি।
‘ওয়ারফেজ কানাডা ট্যুর ২০২৫’ শিরোনামের এই সফরের আয়োজন করেছে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান এমএনসি এন্টারটেইনমেন্ট। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ‘এটি কেবল কনসার্ট নয়; এটি চার দশকের রক ঐতিহ্যের উদযাপন। প্রস্তুত থাকুন, কারণ কানাডার মঞ্চে ইতিহাস গড়তে আসছে ওয়ারফেজ।’ গত বছর চার দশক উদযাপনের অংশ হিসেবে ওয়ারফেজ ঘোষণা দিয়েছিল- শুধু দেশে নয়, বিদেশেও তারা বছরব্যাপী কনসার্ট সফর করবে। তারই অংশ এবারের কানাডা সফর।
জানা গেছে, ‘ওয়ারফেজ কানাডা ট্যুর ২০২৫’ সফরের শুরুটা হবে ৬ সেপ্টেম্বর, অন্টারিওর লন্ডন শহরে। এরপর একে একে তারা পৌঁছাবে ভ্যাঙ্কুভার (৭ সেপ্টেম্বর), এডমন্টন (১২ সেপ্টেম্বর), হ্যালিফ্যাক্স (১৪ সেপ্টেম্বর), সেন্ট জনস (১৯ সেপ্টেম্বর), রেজিনা (২০ সেপ্টেম্বর), সাসকাচুয়ান (২১ সেপ্টেম্বর), টরন্টো (২৬ সেপ্টেম্বর), অটোয়া (২৭ সেপ্টেম্বর) এবং আগামী ৩ অক্টোবর উইনিপেগ কনসার্টের মধ্য দিয়ে ব্যান্ড দলটি তাদের সফর শেষ করবে।
কানাডা সফর প্রসঙ্গে ওয়ারফেজের প্রতিষ্ঠাতা সদস্য, ড্রামার ও দলনেতা শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘গানে গানে ওয়ারফেজ ৪০ বছরের পথ অতিক্রম করে ফেলেছে- এটি ভাবলেই অন্য রকম এক ভালো লাগায় মনটা ছেয়ে যাচ্ছে। এটি একদিক থেকে যেমন আনন্দের, তেমনই বিস্ময়েরও। কেননা, সংগীতের মান ধরে রেখে এতটা পথ পাড়ি দেওয়া মোটেও সহজ নয়। বিশেষ করে যে দেশে ব্যান্ড সংগীত প্রতিষ্ঠার জন্য এক সময় রীতিমতো সংগ্রাম করতে হয়েছে।
নিরীক্ষা আর অনবদ্য আয়োজন দিয়ে দেশীয় ব্যান্ডগুলো শ্রোতার মনে জায়গা করে নিয়েছে। ওয়ারফেজ হাতেগোনা সেই কয়েকটি ব্যান্ডের একটি, যারা চার দশকের দীর্ঘ সফর অব্যাহত রাখতে পেরেছে। আমরা কৃতজ্ঞ সেই সব ভক্ত-শ্রোতার কাছে, যাদের ভালোবাসা আমাদের এতটা পথ পাড়ি দেওয়ার প্রেরণা জুগিয়েছে।’
এসব সফরের মধ্য দিয়ে ওয়ারফেজ দেশের সংগীত ঐতিহ্য ও সংস্কৃতি যেন ভিন্ন ভিন্ন দেশে ছড়িয়ে দিচ্ছে। অস্ট্রেলিয়ার পর এবার কানাডায় নতুন আরেকটি গল্প তৈরি অপেক্ষায় দেশের অন্যতম পুরনো এই মিউজিক দলটি। গত চার দশক পেরিয়ে একে একে আটটি অ্যালবাম এবং বেশ কিছু মিক্সড অ্যালবাম ও একক গান প্রকাশ করে কোটি কোটি শ্রোতার হৃদয় জয় করেছে ওয়ারফেজ।
/এমএস