দেশের ভিন্নধর্মী ব্যান্ডদল ‘জলের গান’। এই ব্যান্ডের বেশ কয়েকটি গান তুমুল জনপ্রিয় হয়েছে। বিশেষ করে ‘বকুল ফুল’, ‘তোমার জন্য আকাশভরা তারা’, ‘এমন যদি হতো’ গানগুলো অন্যতম।
এবার ‘বৃষ্টি পড়ে টাপুরটুপুর’ শিরোনামে একক গানের আসর নিয়ে মঞ্চ মাতাবে গানের দল ‘জলের গান’। আজ ১৬ আগস্ট শনিবার সন্ধ্যায় ধানমন্ডির ভিনটেজ কনভেনশন মিলনায়তনে এ গানের আসর বসবে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
এতে বলা হয়, ‘বাংলার বর্ষা, বৃষ্টির সুর আর হৃদয়ের অনুভূতিকে কেন্দ্র করে সাজানো এই বিশেষ পরিবেশনা হবে প্রকৃতি, ভালোবাসা ও জীবনের গল্পে ভরপুর। নতুন ও পুরোনো জনপ্রিয় গানগুলোর মাধ্যমে শ্রোতাদের ভিন্ন আবেগময় সংগীতযাত্রায় নিয়ে যাবে জলের গান।’
নতুন ও পুরোনো জনপ্রিয় গানগুলোর মাধ্যমে শ্রোতাদের ভিন্ন আবেগময় এই আসর মাতাবে ‘জলের গান’। আয়োজনের বিস্তারিত তথ্য জানা যাবে জলের গানের ফেসবুক পেজে। অনুষ্ঠানটির আয়োজক জলের গান ও ক্যাফে ভিনটেজ।
উল্লেখ্য, ‘অতল জলের গান’ ও ‘পাতালপুরের গান’ নামে দুটি অ্যালবাম প্রকাশ করেই শ্রোতাদের হৃদয় করে নিয়েছে এই ব্যান্ডদল। সবশেষ ২০১৯ সালে প্রকাশিত হয় ‘নয়ন জলের গান’ শিরোনামে এ ব্যান্ডের তৃতীয় অ্যালবাম।
/এমএস