এ বছর ভারতের বহুল আলোচিত সিনেমা ‘কুলি’। সুপারস্টার রজনীকান্তের সিনেমায় পাঁচ দশক পূর্তি উপলক্ষে গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই এটি দর্শকদের থেকে ব্যাপক সাড়া পাচ্ছে। একই দিনে হৃত্বিক রোশন-জুনিয়র এনটিআরের ‘ওয়ার ২’ মুক্তি পেলেও ৬৫ কোটি রুপি আয় করে প্রথম দিনেই আয়ের রেকর্ড গড়েছে তামিল ইন্ডাস্ট্রির এ সিনেমাটি। অবশ্য গতকাল দ্বিতীয় দিনে দুটি ছবিই ১০০ কোটির রুপির ক্লাবে পৌঁছে গেছে।
আন্তর্জাতিক বাজারে ছবিটি এরই মধ্যে ১৫০ কোটির বেশি আয় করেছে। এর মধ্য দিয়ে রজনীকান্তের ‘কুলি’ বক্স অফিসের রেকর্ড ভেঙে দিয়েছে, যা এত বড় আন্তর্জাতিক অভিষেক অর্জনকারী প্রথম তামিল সিনেমা। অবশ্য রজনীকান্তের ছবিটি যে বক্স অফিসে ঝড় তুলবে, সেটা অগ্রিম টিকিট বিক্রিতেই টের পাওয়া গিয়েছিল।
স্বর্ণ চোরাচালানের ঘটনাকে ঘিরে গড়ে উঠেছে ‘কুলি’ সিনেমার গল্প, যেখানে এক কুলির অতীত আর বর্তমানের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। প্রায় সাড়ে ৩০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ কানাগরাজ। এতে রজনীকান্তসহ আরও অভিনয় করেছেন নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ, সৌবিন সাহির, উপেন্দ্র প্রমুখ। আর ক্যামিও চরিত্রে আমির খানকে দেখা যাবে।
প্রায় সাড়ে ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমাটি ঘিরে সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। এর পরও বক্স অফিসে সিনেমার দুর্দান্ত শুরু যেন রজনীকান্তের তারকাখ্যাতিরই প্রতিফলন করছে। আর উপর ভারতের স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমী উপলক্ষে দীর্ঘ ছুটির কারণে ছবিটি ইন্ডাস্ট্রির অনেক রেকর্ডই ভেঙে দেবে বলে আশা করা হচ্ছে।
/এমএস