‘বাউলা বাতাসে’র রেশ না কাটতেই প্রকাশিত হলো রেজা করিমের নতুন গান ‘ভাঙা মন’। বরাবরের মতোই কণ্ঠ দেওয়ার পাশাপাশি নতুন এই গান লেখা ও তাতে সুরারোপ করেছেন শিল্পী নিজেই। মিউজিক আর্ট থেকে প্রকাশিত গানটির সংগীতায়োজন করেছেন শিল্পী ও সংগীত পরিচালক শান সায়েক।
‘ভাঙা মন’ গানটি তৈরির পেছনে মূল কাজটা করেছেন ঘুড়িখ্যাত জনপ্রিয় শিল্পী লুৎফর হাসান। মূলত তার অনুপ্রেরণাতেই গানটি করা সম্ভব হয়েছে বলে জানান শিল্পী রেজা করিম।
তিনি বলেন, ‘লুৎফর ভাই তাগাদা না দিলে গানটি হয়তো তৈরিই হতো না। এ জন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। আর শান সায়েক খুব সাধারণভাবে অসাধারণ শ্রুতিমধুর সংগীত আয়োজন করেছেন, যা গানটিকে সমৃদ্ধ করেছে। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’
‘ভাঙা মন’ নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে লুৎফর হাসান বলেন, ‘ভাঙা মন গানটা আমি গাইতে পারলে আমার ভালো লাগত। একজন কণ্ঠশিল্পী হিসেবে এই লোভ আমার আজীবন থেকে যাবে। এর কারণ, এই গানের কথা ও সুর। ভাঙা মন এক অসাধারণ গান, যা যেকোনো শ্রোতাকে আলোড়িত করবে। আমার বন্ধু শান সায়েকের সংগীত আর রেজা করিমের নিজের লেখা, সুরে তার গায়কি এক অসামান্য সমন্বয়। এই গান ধীরে ধীরে তার নিজস্ব গন্তব্যে পৌঁছে যাক।’
ভাঙা মনের সংগীত পরিচালক শান সায়েক বলেন, ‘চমৎকার কথা ও সুরের গান ভাঙা মনের গায়কি নিয়ে কি বলব! রেজা করিমের গলা গানটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। অদ্ভুত সুন্দর মাদকতা নিয়ে তিনি গান গেয়েছেন। গানটির সংগীতায়োজন করতে পেরে খুব ভালো লাগছে।’
/এমএস