বলিউড অভিনেতা শাহরুখ খান যেমন জনপ্রিয় তেমনি জনপ্রিয় তার বান্দ্রার বাড়ি ‘মান্নাত’। জন্মদিন বা অন্যকোনো বিশেষ দিনে এ বাড়ির সামনেই বলিউড বাদশাকে একনজর দেখতে ভিড় করেন হাজারো ভক্ত। তবে সাধারনের জন্য মান্নাতে প্রবেশ করাটা স্বপ্নের মতো। যেকেউ চাইলেই ঢুকতে পারবেন না মান্নাতে। এ বিষয়ে রয়েছে কড়া নিরাপত্তা। তবে সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও শাহরুখের ভক্ত যুবক ডেলিভারি বয় সেজে ঢোকার চেষ্টা করেছেন মান্নাতে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা গেছে, ওই যুবকের নাম শুভম প্রজাপত। মান্নাতের সংস্কার কাজ চলায় বর্তমানে মুম্বাইয়ের পালি হিলে বসবাস করেছেন শাহরুখ। ফাঁকা বাড়িটি নজরে রেখেছেন প্রহরীরা। এ সুযোগে প্রজাপত জোম্যাটো ডেলিভারি বয়ের ছদ্মবেশ ধরে ঢুকতে যান মান্নাতে।
সম্প্রতি প্রজাপত তার ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তেই হইচই ফেলে দিয়েছে। ভিডিওতে তাকে দেখা যায়, মান্নাতের বাইরে দাঁড়িয়ে শাহরুখের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা প্রকাশ করছেন। কিন্তু তিনি জানেন, সাধারণ ভক্ত হিসেবে গেটে প্রবেশ করা সম্ভব নয়। তখনই তিনি এক বুদ্ধি বের করেন। নিজেই জোম্যাটো থেকে দুটি কোল্ড কফি অর্ডার করেন একটি নিজের জন্য এবং অন্যটি শাহরুখের জন্য। ডেলিভারির ঠিকানা হিসেবে তিনি দেন মান্নাতের ঠিকানা। মাত্র পাঁচ মিনিটের মধ্যে যখন আসল ডেলিভারি বয় আসেন, শুভম তাকে রাজি করিয়ে ডেলিভারি ব্যাগটি নিয়ে নেন। এর পর তিনি আত্মবিশ্বাসের সঙ্গে সেই ব্যাগ কাঁধে ঝুলিয়ে মান্নাতের মূল গেটের দিকে এগিয়ে যান, যেন তিনি সত্যিই কফি ডেলিভারি দিতে এসেছেন।
তবে মান্নাতের প্রধান গেটের প্রহরী তাকে পেছনের গোপন দরজা দিয়ে প্রবেশ করতে বলেন। শুভম আশান্বিত হয়ে সেখানে ছুটে যান, কিন্তু সেখানেও তার আশা পূরণ হয়নি।
পেছনের গেটের প্রহরী প্রজাপতকে বলেন যিনি অর্ডার করেছেন, তাকে ফোন করতে । ফোন করলে কোনো উত্তর পান না প্রজাপত। এ সময় প্রহরী বলেন, ‘শাহরুখ খান নিজে যদি ফোন করেন, তাহলে কফি নির্মাতারা এসে তার সামনে নাচতে শুরু করবেন।’
মেহেদী/