বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি গোবিন্দ-সুনীতা আহুজা। কয়েকমাস আগে তাদের নিয়ে জোর গুঞ্জন ওঠে, দীর্ঘদিন সংসার করার পর বিচ্ছেদের পথে হাঁটছেন এই দম্পতি। যদিও সব গুঞ্জনের অবসান করে সেবার নিজ মুখেই এমন কিছুর সম্ভাবনার কথা উড়িয়ে দেন গোবিন্দর স্ত্রী। তবে এবার একটি ভ্লগ ফের উসকে দিল তাদের বিচ্ছেদের গুঞ্জন। ভারতীয় গণমাধ্যমে জোরালো গুঞ্জন, এবার সত্যিই নাকি বিচ্ছেদের পথে যাচ্ছেন তারা।
দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে, গোবিন্দর বিরুদ্ধে বান্দ্রা আদালতে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগ জানিয়ে ডিভোর্সের মামলা দায়ের করেছেন তার স্ত্রী সুনীতা। এই জল্পনা আরো জোরালো হয় যখন সুনীতা তার পছন্দের জায়গা মহালক্ষ্মী মন্দিরে পূজা দিতে গিয়ে একটি ভ্লগ বানান।
সেখানে অঝোরে কাঁদতে কাঁদতে সুনীতাকে বলতে শোনা যায়, ‘আমি ছোট থেকে এই মন্দিরে আসছি। যখন গোবিন্দর সঙ্গে প্রথম দেখা হয় আমার তখনো আমি এখানে এসেছিলাম। একটা জিনিসই তখন চেয়েছিলাম যাতে ওর সঙ্গে আমার বিয়ে হয়। মা আমার সে কথা শুনেছিলেন। কিন্তু সবটুকু নিজের চাওয়া মতো হয় না জীবনে। কিন্তু মায়ের ওপর ভরসা রাখি। আমি জানি যে আমার ঘর ভাঙার চেষ্টা করবে, সে কখনোই ভালো থাকবে না।’
আর এখান থেকেই দুজনের বিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয়েছে। এই অভিনেতার স্ত্রী হিন্দু ম্যারেজ অ্যাক্টের একাধিক ধারায় ডিভোর্স ফাইল করেছেন বলে শোনা যাচ্ছে। যদিও এর আগে এক সাক্ষাৎকারে সুনীতা দাবি করেছিলেন, গোবিন্দ ও তার বিচ্ছেদের জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন।
তার ভাষ্যমতে, ‘‘যারা বিচ্ছেদের কথা বলছেন, তাদের প্রশ্ন করুন সত্যি? যদি কারো সাহস থাকে তাহলে আমাকে সরাসরি দাম্পত্য নিয়ে প্রশ্ন করুন। যেদিন আমি বা গোবিন্দর মুখ থেকে বিচ্ছেদের কথা শুনবেন, সেদিন বিচ্ছেদের বিষয়ে নিশ্চিত হবেন।’’
/এমএস