কলকাতার নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জয় বন্দোপাধ্যায়। কয়েক দশকের অভিনয় জীবন শেষ করে ২০১৪ সালে ভারতের রাজনৈতিক দল বিজেপিতে যোগদান করেন। আজ সোমবার (২৫ আগস্ট) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক দিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন টালিউড তারকা জয়। এ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি। গত ১৫ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ আগস্ট দেওয়া হয় ভেন্টিলেশনে। তবে শেষরক্ষা হলো না এ অভিনেতার।
তার সঙ্গে থাকা ছোটু নামের এক যুবক জানিয়েছেন, সিওপিডি’র রোগী ছিলেন অভিনেতা। হাসপাতালে চিকিৎসাকালীনই হার্ট অ্যাটাক হয় তার। আর বেলা ১১টা ৩৫ মিনিটে মৃত্যু হয় অভিনেতার।
উল্লেখ্য, একসময় অভিনেত্রী চুমকি চৌধুরীর সঙ্গে জয়ের প্রেমের সম্পর্ক ছিল। দুই বাড়িতে মেনেও নেয় এই সম্পর্ক। পরে বিয়ের কথাও হলেও সেটা আর শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। দুজনের বিচ্ছেদ হয়ে যায়। বড় পর্দার এই জুটি ‘অভাগিনী’ ও ‘হীরক জয়ন্তী’ নামে দুটো ব্লকবাস্টার ছবিতে একসঙ্গে কাজ করেছেন।
কিন্তু প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর আর একসঙ্গে কাজ করেননি তারা।
/এমএস