বলিউডের শীর্ষস্থানীয় তিন অভিনেত্রী আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফ। এই তিন তারকাকে একই সিনেমায় দেখতে পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। ২০২১ সালে ঘোষণা দেওয়া বলিউড নির্মাতা ও অভিনেতা ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত ছবি ‘জি লে জারা’-তে অভিনয়ের কথা ছিল তিন অভিনেত্রীর। ছবিটি নিয়ে ঘোষণার পর থেকেই বন্ধুত্ব, অ্যাডভেঞ্চার ও বলিউড গ্ল্যামারের এই মিশ্রণ দেখার জন্য ভক্তদের প্রত্যাশাও ছিল আকাশচুম্বী।
তবে ঘোষণার পর থেকেই ছবিটির ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। এর মূল সমস্যা ছিল সময়সূচি- একসঙ্গে তিন তারকার শুটিংয়ের তারিখ মেলানো সহজ হচ্ছে না। যে কারণে ঘোষণার চার বছর পেরিয়ে গেলেও পরিচালক ফারহান আখতার এখনো শুটিং শুরু করতে পারেননি।
এ প্রসঙ্গে গত বছরের অক্টোবরে আলিয়া ভাট এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমরা শুটিংয়ের সময়সূচি এখনো ঠিক করিনি। অবশ্যই ছবিটি হবে। এটি এমন একটি সিনেমা, যেখানে অভিনেতা, প্রযোজক, পরিচালক- সবাই চান এটি তৈরি হোক। যদিও তারিখ মেলানো কঠিন হচ্ছে, কিন্তু সবার ছবিটি বানানোর ইচ্ছা আছে।’
সম্প্রতি ‘জি লে জারা’ সম্পর্কে এর পরিচালক ফারহান আখতারও মুখ খুলেছেন। ইউটিউব চ্যানেল ‘আওয়ার স্টুপিড রিঅ্যাকশনস’-এ কথা বলতে গিয়ে নির্মাতা নিশ্চিত করেন, ছবিটি স্থগিত হয়নি বরং কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘এটি এমন একটি ছবি, যা অবশ্যই হবে। কবে হবে জানি না, তবে স্ক্রিপ্টটি অসাধারণ হয়েছে। ইতোমধ্যে স্ক্রিপ্টের কাজও শেষ। লোকেশন স্কাউটিং শেষ, সংগীত রেকর্ড হয়েছে, প্রস্তুতির বড় অংশ সম্পন্ন হয়েছে। এখন কেবল সময়ের অপেক্ষা।’
তবে পরিচালক গুঞ্জন থাকা ছবির এই তিন অভিনেত্রীকে নিয়ে বিস্তারিত কোনোকিছু জানাননি।
/এমএস