জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত বছরের শেষে সংবাদের শিরোনাম হয়েছিলেন তিনি। তার সঙ্গে আরও এসেছিল টিভি নাটকের দুই জনপ্রিয় অভিনেত্রী—তানজিন তিশা, মুমতাহিনা চৌধুরী টয়ার এবং সংগীতশিল্পী সুনিধি নায়েকেরও। একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহের অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। সেসময় হইচই পড়ে গিয়েছিল এই তারকাদের নিয়ে। তবে এসব নিয়ে কোনো কথা বলেননি সাফা কবির। এবার সময় চলে গেছে প্রায় আট মাস। এবার নীরবতা ভেঙে মাদককাণ্ড নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।
সম্প্রতি রুম্মান রশীদ খানের ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ পডকাস্টে অংশ নেন সাফা কবির। সেখানেই মাদককাণ্ডের খবর নিয়ে সাফা কবির বলেন, ‘নিউজটি দেখার পর পুরোপুরি শকড হয়েছিলাম। কী হচ্ছে এটা, এমনটাই শুধু ভাবছিলাম। এটা কেমন নিউজ। এরপর আর কোনো আপডেট কেউ দিতে পারল না। কিন্তু এমন খবর প্রকাশের পর আমার ক্ষতি হয়ে গেল। তিন–চারটা মিডিয়ার মেয়েকে নিয়ে যে নিউজটা করল, তারা একটিবার চিন্তা করল না? যে এ মেয়েগুলোর লাইফের কী হবে?’
সাফা আরও বলেন, ‘আমরা হুজুগে অনেক কিছু করে ফেলি। কিন্তু চিন্তা করি না, এ ধরনের কর্মকাণ্ড মানুষের জীবন বা সমাজে কী প্রভাব ফেলবে। আমাদের একটা পরিবার আছে, ওয়ার্ক লাইফ আছে, এগুলো কি কেউ চিন্তা করে? এমনিতেই মিডিয়াকে মানুষ ভালো চোখে দেখে না। এই ধরনের খবরের কারণে মা-বাবাদের মনে ধারণা জন্মাল, তাদের সন্তানেরা এখানে সুরক্ষিত না, তাদের এখানে কাজ করতে দেওয়া যাবে না। আমার মনে হয়, যেকোনো কিছু করার আগে দুবার ভাবা দরকার।’
এমন সংবাদ প্রকাশের পর একের পর এক কাজও হারাতে থাকেন এই অভিনেত্রী। সে সম্পর্কে সাফা কবির বলেন, ‘বৃহস্পতিবার খবরটি প্রকাশ করা হয়। রোববার একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করার কথা ছিল। কিন্তু এমন খবরের কারণে তারা সেটা বাতিল করে দেয়। আমি তাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে এটা শুধু একটা নিউজ। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু তাদের কাছে এটা কীভাবে প্রমাণ করব। আমার কাছে প্রমাণ করার কিছু নেই, বোঝানো ছাড়া। আমার সিনিয়র শিল্পীরা আমার সঙ্গে কাজ বাতিল করে দিচ্ছিল। বিতর্ক এড়াতে আমার সঙ্গে কাজ করতে চাইছিল না কেউ। আমিও বুঝতে পারছিলাম সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ঝড় চলছে।’
সবশেষে সাফা বলেন, ‘সে সময় আমার শোবিজের বন্ধুরা পাশে দাঁড়িয়েছিল। তৌসিফ মাহবুব তখন বলেছিল, আমি সাফার সঙ্গে কাজ করব। এ ছাড়া জোভান অনেক সহযোগিতা করেছে, সিয়ামও সে সময় মানসিকভাবে পাশে ছিল। আমার এ বন্ধুরা অনেক সুন্দর। এখানে কাজ করে এত ভালো বন্ধু আমি পেয়েছি। অনেকেই বলেন মিডিয়ার মানুষেরা বন্ধু হয় না, আমি এর সঙ্গে কানেক্ট করতে পারি না।’
/এস লুপিন