অভিনেত্রী পরীমনি এবার নিজের জীবনের এক কঠিন অধ্যায়কে বড় পর্দায় তুলে আনতে যাচ্ছেন। চার বছর আগে মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর রিমান্ড ও কারাবাসে যে বাস্তব অভিজ্ঞতা তিনি পেয়েছিলেন, সেই অভিজ্ঞতাকেই তিনি সিনেমার গল্প হিসেবে রূপ দিতে পারেন।
২০২১ সালে র্যাবের হাতে গ্রেপ্তার হন পরীমনি। তার বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে বিভিন্ন আলামত জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা হয়। মামলার কারণে পরীমনি তিন দফায় মোট সাতদিন রিমান্ডে ছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। রিমান্ড প্রসঙ্গে পরীমনি বলেন, “রিমান্ড একটা ফালতু জিনিস। সেখানে মানুষকে ভয় দেখানোর জন্য বড় বড় ছবি লাগানো থাকে। কিন্তু এগুলো দেখে কেউ ভয় পায় না। আমি বলেছিলাম এগুলো বদলানো উচিত।”
কারাগারে নির্যাতনের বিষয়েও তিনি জানালেন, “আমাকে কেন আটক করা হয়েছিল, তারাই জানত না। একজন আরেকজনকে জিজ্ঞেস করত। ওরা নিজেরাই বিভ্রান্ত ছিল।”
জেল থেকে মুক্তি পাওয়ার পরপরই নিজের অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছেন পরীমনি। তিনি জানিয়েছেন, সেই বই ভবিষ্যতে প্রকাশ করবেন তার ছেলে। একই সঙ্গে বইয়ের গল্প থেকেই সিনেমা তৈরির ইঙ্গিত দিয়েছেন তিনি। পরীমনি বলেন, “আমার ছেলে বড় হয়ে বইটা প্রকাশ করবে। চাইলে এটাকে সিনেমা বানাতেও পারি।”
কারাবাসের সময়কার অনুভূতি নিয়ে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, “জেলখানা নিয়ে আমি কোনোদিন কিছু বলিনি। বলতেও চাই না। কারণ সত্যিটা মানুষ জানলে আইনের ওপর শ্রদ্ধা হারাবে।”
তবে জেলের খাবার সম্পর্কে তার অভিজ্ঞতা ছিল ভিন্ন। পরীমনির ভাষ্য, “জেলখানার খাবার অনেক স্বাস্থ্যকর। এমনকি অনেক সময় নষ্টও হয়। রান্না হয় ফ্রেশভাবে, পুরো জায়গাটা বেশ ওয়েল মেইনটেইন।”
মেহেদী/