না ফেরার দেশে পাড়ি জমালেন ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা নাসের তাঘভাই। আজ মঙ্গলবার ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই নির্মাতার স্ত্রী অভিনেত্রী মারজিয়া ভাফামের তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মারজিয়া লেখেন, ‘নাসের তাঘভাই, এমন এক শিল্পী যিনি স্বাধীনভাবে বাঁচার কঠিন পথ বেছে নিয়েছিলেন, অবশেষে তিনি মুক্তি পেলেন।’
নাসের তাঘভাই তার ক্যারিয়ারে প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছিলেন। ১৯৭২ সালে মুক্তি পাওয়া তার প্রথম চলচ্চিত্র ‘ট্রানক্যুইলিটি ইন দ্য প্রেজেন্স অব আদারস’ (অন্যদের উপস্থিতিতে শান্তি) তাকে বিশেষ খ্যাতি এনে দেয়। এই ছবিতে তিনি দেখিয়েছিলেন ইরানি সমাজে ঐতিহ্য ও আধুনিকতার সংঘাত- যা তাকে এক ভিন্নধারার নির্মাতা হিসেবেও পরিচিত করে তোলে।
এ ছাড়া সেন্সরশিপের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের জন্যও তার ব্যাপক পরিচিতি ছিল। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগে ও পরে- দুই সময়েই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাঘভাই। ২০১৩ সালে ইরানে চলচ্চিত্র ও সাহিত্য জগতে ‘ভয়াবহ সেন্সরশিপ’-এর নিন্দা করে তিনি ঘোষণা করেন, আর কোনো চলচ্চিত্র নির্মাণ করবেন না।
তাঘভাই তার ক্যারিয়ারে বেশকিছু জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র পুরষ্কার অর্জন করেছেন।
/এমএস