এ সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা নিলয় আলমগীর। শুটিং সেটের ভিডিও প্রকাশের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ১৬ অক্টোবর নিলয় তার ফেসবুক পেজে একটি পোস্টে লেখেন, পারশ্রমিক নেওয়ার পরেও যারা নাটকের বিহাইন্ড দ্য সিন (বিটিএস) ভিডিও প্রকাশ করে ডলার কামানোর চেষ্টা করেন, বিষয়টা কতটুকু নৈতিক?
নাটক তৈরির পেছনে যেসব পেশাদাররা কাজ করেন-প্রযোজক, পরিচালক, সহকারী পরিচালক, সিনেমাটোগ্রাফার, স্ক্রিপ্ট রাইটার, মেকআপ আর্টিস্টসহ সবার পারিশ্রমিক দেওয়া হয়, এরপরও শুটিং চলাকালীন কিছু ব্যক্তি নিজেদের সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে, যা তাদের ব্যক্তিগত আয়ের উৎস হয়ে দাঁড়ায়।
নিলয় আলমগীর বলেন, নাটকের প্রযোজক বা চ্যানেল মালিক টাকা ইনভেস্ট করে নাটক বানায়। ইউটিউব, ফেসবুক, টিভি, ব্র্যান্ডিং থেকে সেই টাকা উঠানোর চেষ্টা করে। সেই নাটকের অভিনয়শিল্পী থেকে শুরু করে সংশ্লিষ্ট সব পেশার মানুষকে তার পারশ্রমিক দিয়ে দেওয়া হয়। ইউনিটের কেউ কেউ সিক্রেট চ্যানেল ওপেন করেছে সেই বিটিএস দিয়ে। খোঁজ নিলে দেখা যাবে তারা সহকারী পরিচালক অথবা ডিওপির সহকারী। তারা নিজেরা শুটিং সেট থেকে বিটিএস সংগ্রহ করতে না পারলে আর্টিস্টদের আইডি বা পেজ থেকে বিটিএস সংগ্রহ করে তাদের গোপন চ্যানেলে দিচ্ছে।
সবশেষে নিলয় বলেন, যে যেটাই করছে তাতে ক্ষতি হচ্ছে প্রযোজকের। এখন কোনো প্রযোজক যদি আইনি পদক্ষেপ নেয় তাহলে বিপদে পড়বে কারা?
/আবরার জাহিন