খ্যাতিমান পরিচালক এহতেশামের হাত ধরে ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে দুই নতুন নায়ক-নায়িকা নাঈম-শাবনাজের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ১৯৯১ সালে । ক্যারিয়ারের প্রথম সিনেমা দিয়েই তুমুল জনপ্রিয়তা পেয়েছিল নাঈম-শাবনাজ জুটি। এই সিনেমা মুক্তির পর জুটিবদ্ধ হয়ে তারা পরবর্তী সময়ে ‘জিদ’, ‘লাভ’, ‘সোনিয়া’, ‘অনুতপ্ত’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’, ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমায় অভিনয় করেন।
পর্দায় রোমাঞ্চ করতে করতেই এই জুটি একে অপরের প্রেমে পড়েন। ১৯৯৪ সালে বিয়ে করেন তারা। ২০০১ সালে সর্বশেষ এই জুটিকে প্রয়াত আজিজুর রহমানের ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমায় দেখা যায়। এর পর ২০০৭ সালে শাবনাজকে আজিজুর রহমানেরই ‘ডাক্তার বাড়ি’ সিনেমায় অভিনয়ে দেখা যায়।
দর্শকদের কাছে তিনি ‘শাবনাজ’ নামে পরিচিত হলেও তার পারিবারিক নাম সাবরিনা তানিয়া। তিন বোনের মধ্যে তিনি সবার বড়। তার ছোট বোন তাহমিনা সুলতানা মৌ-ও একজন অভিনেত্রী। সালমান শাহর বিপরীতেও শাবনাজ অভিনয় করেছেন শিবলী সাদিকের ‘মায়ের অধিকার’, হাফিজ উদ্দিনের ‘আঞ্জুমান’ ও তমিজ উদ্দিন রিজভীর ‘আশা ভালোবাসা’ সিনেমায়।
আজ ২৯ অক্টোবর খ্যাতিমান এই অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনকে ঘিরে বিশেষ কোনো আয়োজন বা পরিকল্পনা নেই এই নায়িকার। তবে পারিবারিকভাবেই দিনটি উদযাপন করা হবে বলে জানান শাবনাজ।
এ সম্পর্কে শাবনাজ বলেন, ‘সত্যি বলতে কি, এখন আর জন্মদিনকে ঘিরে কোনো উচ্ছ্বাস কাজ করে না। বাবা নেই- মা নেই। তাই জন্মদিনে বাবা-মায়ের কথা বিশেষভাবে মনে পড়ে। ঘরোয়াভাবে যতটা অল্পের মধ্যে উদযাপন করা যায়, ঠিক ততটুকুই। জন্মদিনে শুধু সবার দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন ভালো রাখেন। দর্শক এখনো আমাকে মনে রেখেছেন, এখনো দেখলে আগ্রহ নিয়ে কথা বলতে আসেন- এটাই অনেক বড় প্রাপ্তি।’
/এমএস