জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা দিলশাদ নাহার কনা। কিছুদিন আগে তার নতুন একটি আইটেম গানের খবর দিয়েছিলেন। কলকাতার জনপ্রিয় সুরকার, গায়ক ও সংগীত পরিচালক গানটির সুর ও সংগীত করেছেন। কনার গাওয়া নতুন এই গানের শিরোনাম ‘প্রেমের নদী’। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা গানটির মিউজিক ভিডিওতে কাজ করেছেন যাহের আলভি ও জেরিন খান। ভিডিওটি পরিচালনা করেছেন টি ডি দীপক। ‘প্রেমের নদী’ গানটি শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে ইউটিউব চ্যানেলে।
এর বাইরে আসছে কনার গাওয়া আরও একটি নতুন গান। এই গানটি নিয়ে কনা দারুণ উচ্ছ্বসিত। কারণ গান ফিচারিং করেছেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ। গানের শিরোনাম ‘ভিতর ও বাহিরে’। আগামী ১৩ নভেম্বর কনার নিজস্ব অফিশিয়াল ইউটিউব চ্যানেলে কনার কণ্ঠে ফুয়াদ ফিচারিং এই গানটি অবমুক্ত করা হবে।
গানটি নিয়ে কনা বলেন, ‘আমার নতুন গান ভিতর ও বাহিরে নিয়ে ভীষণ প্রত্যাশা। কারণ গানের কথা ও সুর-সংগীত এক কথায় সবার মন ছুঁয়ে যাবে। এই গানকে ঘিরেও আমার প্রত্যাশা অনেক। সবাইকে গানটি শোনার আহ্বান জানাই।’
গানটি লিখেছেন আবদার রহমান। এর আগে ফুয়াদের ফিচারিং-এ কনার দ্বিতীয় অ্যালবাম প্রকাশ পায়। ফুয়াদের ফিচারিং-এ কনা বেশকিছু সিনেমা এবং বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলেও কণ্ঠ দিয়েছেন।
উল্লেখ্য, কনার গাওয়া সর্বশেষ তুমুল জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’। এই গানটি গেয়ে দুই বাংলার শ্রোতাদের মন জয় করেছেন এই গায়িকা। এর পর থেকে আরও বেশি নতুন নতুন গানে কণ্ঠ দিচ্ছেন তিনি। নতুন গান প্রকাশের পাশাপাশি স্টেজ শোতেও ব্যস্ত এই গায়িকা। আগামী ১৩ নভেম্বর ঘাটাইল ক্যান্টনমেন্ট এবং আগামী ১৪, ২৩ ও ২৬ নভেম্বর ঢাকায় স্টেজ শোতে গান গাইবেন কনা।
/এমএস