উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। সংগীত জীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া বাংলা গানের এই রানী এবার ফিরছেন কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনে। তার বহুল জনপ্রিয় ‘দমা দম মাস্ত কালান্দার’ গানটি নিয়ে এবার নতুন সংগীতায়োজনে কোক স্টুডিও বাংলায় হাজির হতে যাচ্ছেন এই গায়িকা।
ইতোমধ্যে প্ল্যাটফর্মটির তৃতীয় সিজনে সাতটি গান প্রকাশিত হয়েছে। গানগুলো দর্শক-শ্রোতাদের থেকে সাড়াও পেয়েছে বেশ। এবার এই প্ল্যাটফর্মে যুক্ত হলেন প্রখ্যাত এই গায়িকা। আজ রবিবার গানটি প্রকাশ পাবে কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
গতকাল শনিবার কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ফেসবুক পেজে রুনা লায়লার একটি ছবি প্রকাশ করা হলে মুহূর্তেই সেটা ভাইরাল হয়ে যায়। প্ল্যাটফর্মটিতে রুনা লায়লার সংযোজনে তার দর্শক-শ্রোতারাও দারুণ উচ্ছ্বাসিত।
এদিকে আগামী ১৭ নভেম্বর ৭৩ বছরে পা রাখবেন রুনা লায়লা। জন্মদিনের ঠিক আগমুহূর্তে শ্রোতাদের জন্য তার এই সংগীত-উপহারকে ভক্তরাও বড় চমক হিসেবেই দেখছেন।
/এমএস