ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী আফসান আরা বিন্দু। ২০১৪ সালের অক্টোবরে পারিবারিক আয়োজনে আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। তবে ২০২২ সালে ‘উনিশ২০’ নামে একটি ওয়েব সিনেমায় অভিনয় করেছিলেন এই তারকা অভিনেত্রী। এতে তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ। এবার সংসার ভাঙার খবর জানালেন বিন্দু নিজেই।
সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। এই অনুষ্ঠানেই বিয়ে বিচ্ছেদের কথা জানান বিন্দু।
আলাপচারিতায় সঞ্চালক সরাসরি বিন্দুর কাছে জানতে চান, আপনার কি বিবাহবিচ্ছেদ হয়েছে? জবাবে বিন্দু বলেন, হ্যাঁ। আমার বিবাহবিচ্ছেদ হয়েছে।
কবে হয়েছে? পাল্টা প্রশ্ন শুনে দীর্ঘশ্বাস ফেলেন বিন্দু। তারপর বলেন, ২০২২ সালে।
এ সম্পর্কে বিন্দু বলেন, হ্যাঁ, আমি আনুষ্ঠানিকভাবে কিছু জানাইনি। এ কারণে অনেকে দ্বিধাগ্রস্ত। অনেকে হয়তো জিজ্ঞাসা করেন না, যদি অস্বস্তি বোধ করি! বড় সংখ্যক মানুষ মনে করেন, ‘আমি বিবাহিত’। কিন্তু আমি বিবাহিত নই। আমার সংসারের যে জার্নি সেটা অনেক ছোট ছিল। মাঝখানে অনেক বড় একটি সেপারেশন গিয়েছে।
এরপর সঞ্চালক জানতে চান, কবে থেকে আলাদা থাকছিলেন? জবাবে বিন্দু বলেন, ‘২০১৭ সাল থেকে।’
বিন্দু আরও বলেন, আলাদা হওয়ার জন্য অনেক সময় অনেক বড় বড় ঘটনা থাকে, কারণ থাকে। আবার অনেক সময় অনেক কারণও দরকার হয় না। এখানে আরেকজন মানুষের জীবন জড়িত। আমি চাই না, বিচ্ছেদের কারণ ব্যাখ্যা দিয়ে উনাকে কোনো বিব্রতকর জায়গায় ফেলি। সেইটুকু সম্মান আমি দিতে জানি। জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে। পারিবারিক আয়োজনে আমার বিয়ে হয়েছিল। আমার বাবা-মা, পরিবার দেখে-শুনে আমার বিয়ে দিয়েছিলেন।