আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সোমবার (৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে উৎসবের পূর্ণাঙ্গ শিডিউল। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে বিশ্বের ৭০টিরও বেশি দেশের ২৪৬টি সিনেমা। উৎসবের মূল ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটরিয়াম।
আগামী ১০ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় জাদুঘরে উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রদর্শিত হবে চীনের সিনেমা ‘দ্য জার্নি টু নো এন্ড’। একই দিন সন্ধ্যা ৭টায় থাকছে ইরানের চলচ্চিত্র ‘উইদাউট মি’।
এবার উৎসবে বাংলাদেশ প্যানারোমা বিভাগে জায়গা করে নিয়েছে ৯টি দেশীয় সিনেমা- ‘নয়া মানুষ’, ‘উড়াল’, ‘ধামের গান’, ‘নয়া নোট’, ‘আগন্তুক’, ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, ‘দ্য স্টোরি অব আ রক’ এবং ‘উৎসব’।
নয় দিনব্যাপী আয়োজিত এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটির পর্দা নামবে আগামী ১৮ জানুয়ারি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে ‘চায়নিজ ফিল্ম উইক’ আয়োজন করা হচ্ছে, যেখানে উদ্যাপন করা হবে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি, এমনটাই জানিয়েছেন আয়োজকরা।
/আবরার জাহিন