ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর ও নাবিলা বিনতে ইসলামকে নিয়ে নির্মিত হলো বিশেষ নাটক ‘আয়নার কারিগর’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মো. রবিউল সিকদার। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আয়নার কারিগর একটি জীবন-যুদ্ধের গল্প। গল্পের কারণেই মূলত তানভীর ও নাবিলাকে নিয়ে তিনি নাটকটি নির্মাণ করেছেন।
নাটকে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন বাবুল আহমেদ, আশরাফুল আশীষ, এ বি এম সাইদুল হক, মোহাম্মদ আনোয়ার হোসেন, আসমা শিউলী, কবির টুটুল। পরিচালক রবিউল শিকদার বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশের প্রখ্যাত নাট্যকার মাতিয়া বানু শুকুর প্রতি। নাটকে অভিনয় প্রসঙ্গে তানভীর বলেন, ‘রবি ভাইয়ের গল্প-ভাবনাটা খুবই ভালো লেগেছে। ভীষণ আন্তরিকতা নিয়ে নাটকটিতে অভিনয় করেছি। আশা করি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’ নাবিলা বলেন, ‘রবি ভাই গল্পের ব্যাপারে ভীষণ চুজি। তার নাটকের গল্পই মূলত দর্শককে আকৃষ্ট করে। আয়নার কারিগর গল্পটাই দর্শকের কাছে ভালো লাগার হয়ে উঠবে। আমিও খুব আশাবাদী নাটকটি নিয়ে।’ শিগগিরই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।