ভারতের হরিয়ানার কর্নালে একটি অনুষ্ঠানে কিছু লোক তার সঙ্গে রীতিমতো অশ্লীলতা করেছে বলে দাবি করেছেন বাঙালি অভিনেত্রী মৌনি রায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের সঙ্গে হওয়া নোংরামির বিষয়টি তুলে ধরেন তিনি।
এক পোস্টে অভিনেত্রী দাবি করেন, ওই অনুষ্ঠানে কিছু বয়স্ক লোক তার সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি করেন এমনকী তার গায়ে বাজে ভাবে ছোঁয়া হয়।
মৌনি পোস্টে লিখেন, ‘আমার শেষ অনুষ্ঠানটি ছিল কর্নালে। সেখানে অতিথিদের আচরণে আমি গভীরভাবে দুঃখিত হয়েছি। বিশেষ করে দুজন বয়স্ক ব্যক্তি যারা রীতিমতো দাদু-দাদুর মতো দেখতে ছিলেন। অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তারা আমার কাছে ফটো তোলার জন্য আসেন। অদ্ভূত ভাবে ফটো তোলার জন্য ওই ব্যক্তি আমার কোমরেও হাত রাখেন। কিন্তু যখন আমি তাকে বললাম, ‘স্যার, দয়া করে আপনার হাত সরিয়ে নিন।’ কিন্তু এ কথায় তিনি রেগে যান।’’
মৌনি আরও লিখেন, ‘মঞ্চে অবস্থা আরও খারাপ ছিল। মঞ্চের সামনে দুজন মধ্যবয়স্ক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। তারা টানা অশ্লীল মন্তব্য এবং অশ্লীল অঙ্গভঙ্গি করছিলেন। যখন আমি বিষয়টা বুঝতে পারলাম, তখন এমন করতে বারণ করেছি। কিন্তু জবাবে তারা আমার দিকে গোলাপ ছুঁড়তে শুরু করলেন। বিষয়টিতে চমকে গিয়ে আমি প্রায় মঞ্চের মাঝে চলে গিয়েছিলাম। পরে আবার এগিয়ে এসে পারফর্ম্যান্স শেষ করি।’
তিনি আরও লিখেন, ‘তারপরও ওই লোকেরা থামেননি। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, সংগঠকদের পক্ষ থেকে এসে কেউ ওই ব্যক্তিদের সরিয়েও দেয়নি। আমার মতো কেউ যদি এই সমস্ত কিছুর মুখোমুখি হয়, তাহলে আমি কল্পনাও করতে পারি না যে নতুন মেয়েরা যারা সবেমাত্র কাজ শুরু করছে এবং শো করছে তাদের পরিস্থিতি কেমন হবে।’
পোস্টে মৌনি দাবি করেন, শুধু অশ্লীলভাবে ছোঁয়া বা অঙ্গভঙ্গিই নয়, তার বিকৃত ভিডিও রেকর্ডের চেষ্টা করা হয়।
তিনি বলেন, ‘মঞ্চটি ছিল উঁচুতে। আর এক ব্যক্তি নিচ থেকে থেকে আমার ভিডিও করছিলেন। কেউ যখন ওকে বারণ করে, তখন ওই ব্যক্তি গালিগালাজ শুরু করেন। আমি আমার দেশ, দেশের মানুষ এবং ঐতিহ্যকে ভালোবাসি... কিন্তু এই সব কী?’