বলিউডে আবারও আনন্দের খবর। বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং দ্বিতীয়বারের মতো মা-বাবা হতে চলেছেন। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ফের অন্তঃসত্ত্বা নায়িকা। তবে সেই বিষয়ে দীপিকা বা রণবীর কেউই মুখ খোলেননি। অবশেষে আজ সকাল সকাল অনুরাগীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নেন তারা।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, রবিবার (১৯ এপ্রিল) সকালে ইন্সটাগ্রামে পোস্টে দ্বিতীয় সন্তান আগমের বিষয়টি জানান রণবীর আর দীপিকা। পোস্ট করা ছবিতে দেখা যায় তাদের একমাত্র মেয়ে দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট। আর সেখানে দ্বিতীয় সন্তান আগমের বিষয়টি স্পষ্ট। দুয়াকে দিয়েই আবার সন্তান আগমের খবর জানালেন দীপিকা-রণবীর। তাহলে ছোট্ট দুয়া এবার দিদি হতে চলেছে।

দীপিকা সামাজিক মাধ্যমে যে পোস্টটি শেয়ার করেছেন, তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্ত থেকে শুরু করে বলিউডের সহকর্মীরাও শুভেচ্ছা জানাতে শুরু করেন। পোস্টটিতে পরিবারের আনন্দঘন মুহূর্তই মূল আকর্ষণ হয়ে ওঠে।
দীর্ঘদিন প্রেমের পর রণবীর- দীপিকা ২০১৮ সালে ইতালির লেক কোমোতে ঘনিষ্ঠ এক অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে তারা বলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত জুটি হিসেবে পরিচিত। ২০২৪ সালে প্রথম সন্তান দুয়া জন্মের মাধ্যমে নতুন জীবনের অধ্যায় শুরু করেছিলেন দীপিকা ও রণবীর। এরপর দীর্ঘ সময় তারা সন্তানকে আলোচনার বাইরে রাখলেও পরে সামাজিক মাধ্যমে তাকে পরিচয় করিয়ে দেন।
অন্তরা