মঞ্চসারথী আতাউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) রাতে তিনি মারা গেছেন।
তিনি স্ত্রী এবং এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
আতাউর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান।
তিনি জানান, সবস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আতাউর রহমানের মরদেহ শহিদ মিনারে নেওয়ার প্রক্রিয়া চলছে। রাত সোয়া ১টা পর্যন্ত কিছুই নিশ্চিত হয়নি। তবে বনানী কবরস্থানে মায়ের কবরে তাকে সমাহিত করা হবে এটা চূড়ান্ত হয়েছে। আপাতত বাদ জোহর দাফনের প্রস্তুতি চলছে।
জানা গেছে, গত ১ মে শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন। তবে ওই হাসপাতালে আইসিইউ–সুবিধা ওই মুহূর্তে না পাওয়ার কারণে পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার রাত ১টায় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয় এবং চিকিৎসক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন।
নন্দিত এই অভিনেতার মৃত্যুতে নাট্যাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।