রেস্তোরাঁর মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পানীয়ের বোতল
ছুড়ে ফেলা পানসমাপ্ত সিগারেটের টুকরো
সিগারেট প্যাকেট, উল্টানো চেয়ার, হাওয়ায় উড়ছে
জানালার পর্দা, দরজার ঠকাশ ঠক শব্দ পেরিয়ে
বাইরে এলে দীর্ঘ সৈকত, যতদূর দৃষ্টি যায় ঝাউবন
শোঁ শোঁ শব্দে দুলছে, সামনে গর্জনরত সমুদ্র
আছড়ে পড়ছে ঢেউ এর পর ঢেউ অগণিত
অনন্তকাল সৈকতে বসে আছে এক নারী
দৃষ্টি তার দিগন্তে, সেই কোন এক অতি প্রত্যুষে
মৎস্য শিকারে বেরিয়ে গিয়েছিল নাবিক
আইলা বিধ্বস্ত নৌযান আইলো ঢেউয়ে ভেসে
নাবিক আইলো না ভাঙা কাঠের টুকরো ধরে
ভাসতে ভাসতে, আজও প্রতিক্ষারত সে নারী
ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে সূর্যাস্ত ও সূর্যোদয়।