নওগাঁয় সাহিত্যে পরিষদের আয়োজনে দুই দিনব্যাপী লেখক সম্মেলন ও কাহ্নপা সাহিত্য পদক প্রদান ২০২৫ শুরু হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) জেলার সদর উপজেলার অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা তিথি।
নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, জেলা অ্যাকাউন্ট ও ফিন্যান্স অফিসার খান মেহাম্মদ মোজাহারুল ইসলাম, নওগাঁ নজরুল একাডেমির সভাপতি মুক্তিযোদ্ধা এস এম সিরাজুল ইসলাম, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম আজাদ হোসেন মুরাদ, কবি ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট মুনিরা সুলতানা প্রমুখ।
নওগাঁ সাহিত্য পরিষদের উদ্যোগে চতুর্থবারের এ সাহিত্য সম্মেলন আয়োজন করে সারা দেশ থেকে আগত শতাধিক কবি-সাহিত্যিকের উপস্থিতিতে কবি মজিদ মাহমুদ ও অনুবাদক খসরু চৌধুরীকে কাহ্নপা সাহিত্য পদক দেওয়া হবে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে কবি ও সাহিত্যিকরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন, জাতীয় সংগীত পরিবেশ ও কবির কর্ণে বাজে স্বরচিত ধ্বনি শিরোনামে কবিতা পাঠ করা হয়।