রয়্যাল এনফিল্ড বাইকের প্রতি মোটরসাইকেলপ্রেমীদের আবেগ এবং উচ্ছ্বাস অপরিসীম। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ের এক প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত এক বিশেষ ইভেন্টে রয়্যাল এনফিল্ডের চারটি নতুন মডেলের প্রি-অর্ডার শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের মোটরবাইকপ্রেমীদের মধ্যে এই ব্র্যান্ডের প্রতি আগ্রহ আরও বেড়েছে।
এই ব্র্যান্ডের প্রতি তাদের অপেক্ষা এবং আগ্রহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত রয়্যাল এনফিল্ড মোটরবাইকের ইতিহাস ও বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
রয়্যাল এনফিল্ডের গৌরবময় উত্থান
১৮৯১ সালের নভেম্বরে বব ওয়াকার স্মিথ ও আলবার্ট এডি নামের দুই ব্যক্তি যুক্তরাজ্যের জর্জ টাউনসেন্ড অ্যান্ড কো নামক প্রতিষ্ঠানটি কিনে নেন। এই প্রতিষ্ঠান তখন সুই উৎপাদনে খ্যাতি পেয়েছিল। মাত্র দুই বছর পরে ১৮৯৩ সালে তারা রয়্যাল স্মল আর্মস ফ্যাক্টরির জন্য যন্ত্রাংশ উৎপাদন শুরু করেন। প্রতিষ্ঠানটি সেই বছরেই বব ওয়াকার স্মিথের নামে একটি সাইকেলের নকশা তৈরি করে। এই সাইকেল পরবর্তী সময়ে ‘রয়্যাল এনফিল্ড’ নামে পরিচিত হয়, যার স্লোগান ছিল ‘মেড লাইক অ্যা গান’।
বব ওয়াকার স্মিথ প্রথম মোটরযান তৈরি করেন ১৮৯৮ সালে, যা কোয়াড্রিসাইকেল হিসেবে পরিচিত। একই বছরে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘দ্য এনফিল্ড সাইকেল কোম্পানি লিমিটেড’ রাখা হয়। ১৯০১ সালে বব ওয়াকার স্মিথ ও ফরাসি ডিজাইনার জুল গোবিয়েটের নকশায় প্রথম রয়্যাল এনফিল্ড মোটরবাইক তৈরি করে প্রতিষ্ঠানটি। এরপর ১৯১৪ সালে প্রতিষ্ঠানটি প্রথম টু স্ট্রোক মোটরবাইক উৎপাদন শুরু করে, যা প্রথম বিশ্বযুদ্ধে সেনাদের মধ্যে জনপ্রিয় হয়।
১৯২৪ সালে প্রতিষ্ঠানটি ২২৫ সিসির আটটি নতুন মডেল বাজারে ছাড়ে। ১৯৩২ সালে তারা প্রথম বুলেট মডেলের মোটরবাইক অলিম্পিয়া মোটরসাইকেল শোতে প্রদর্শন করে। প্রতিষ্ঠানটি পরবর্তী সময়ে ২৫০, ৩৫০ ও ৫০০ সিসির মোটরবাইক উৎপাদন করে।
১৯৩১ সালে যুক্তরাজ্যে প্রথম তৈরি করা হয় রয়্যাল এনফিল্ড বুলেট নামে একক সিলিন্ডারের ফোর স্ট্রোক মোটরবাইক। ১৯৫৫ সালে ভারতের মাদ্রাজ মোটরস ব্রিটিশ রয়্যাল এনফিল্ডের থেকে লাইসেন্স নিয়ে নিজ দেশে রয়্যাল এনফিল্ড মোটরবাইক উৎপাদন শুরু করে। শুরুর দিকে যুক্তরাজ্য থেকে যন্ত্রাংশ এনে ভারতে মোটরবাইক সংযোজন করা হলেও, ১৯৬২ সাল থেকে ভারতে সব যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি শুরু হয়।
ইফাদ মোটরস লিমিটেড বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের মোটরবাইক এনেছে। মোটরবাইকপ্রেমীদের জন্য রয়েছে হান্টার, ক্ল্যাসিক, বুলেট ও মিটিওর নামের চারটি আকর্ষণীয় মডেল। এই মডেলগুলোর দাম যথাক্রমে ৩ লাখ ৪০ হাজার, ৪ লাখ ৫ হাজার, ৪ লাখ ১০ হাজার এবং ৪ লাখ ৩৫ হাজার টাকা নির্ধারিত হয়েছে।
বিশেষ সুবিধাদি যোগ করতে চাইলে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে। গত মঙ্গলবার থেকে দেশজুড়ে অনলাইন ও শো-রুমগুলোয় এই বাইকগুলোর জন্য অগ্রিম বুকিং কার্যক্রম শুরু হয়েছে। মাত্র ২৫ হাজার টাকা জমা দিয়ে যেকোনো মডেলের বাইক প্রি-অর্ডার দেওয়া যাবে।
/আবরার জাহিন