রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে দেশের অটোমোটিভ শিল্পের সবচেয়ে বড় আসর ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের ১০টি দেশের ৭০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে।
এবারের অটো সিরিজে একই সঙ্গে মোট ৫টি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হলো ১৯তম ঢাকা মোটর শো, দশম ঢাকা বাইক শো, নবম ঢাকা অটো পার্টস শো, অষ্টম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো, তৃতীয় ইলেকট্রিক ভেইকল (ইভি) বাংলাদেশ এক্সপো ২০২৬।
মেলায় জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, জার্মানি ও যুক্তরাজ্যসহ ১০টি দেশের বিভিন্ন ব্র্যান্ড ২০০টি বুথ নিয়ে তাদের পণ্য প্রদর্শন করছে। মিতসুবিশি, টয়োটা, মার্সিডিজ বেঞ্জ, হুন্ডা, এমজি ও চাঙ্গানের মতো নামি ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। এ ছাড়া সিএফ মটো ও জিহো বাংলাদেশের মতো টু-হুইলার এবং ফোটন ও ফোরল্যান্ডের বাণিজ্যিক যানও প্রদর্শিত হচ্ছে। এবারের প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বৈদ্যুতিক যান (ইভি)।
সেমস-গ্লোবালের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, বিআরটিসির পরিচালক ড. অনুপম সাহা, বিডার মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক এবং সাবেক অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ। রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে প্রধান অতিথি হিসেবে নির্ধারিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
সভাপতির বক্তব্যে মেহেরুন এন ইসলাম বলেন, ‘বৈশ্বিক জ্বালানি সংকটের এ সময়ে বিকল্প জ্বালানির গুরুত্ব বাড়ছে। এ প্রদর্শনী দেশের অটোমোটিভ শিল্পকে আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ইলেকট্রিক যানবাহনের প্রসারে বড় ভূমিকা রাখবে।’
আয়োজকরা বলেছে, এ প্রদর্শনী ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা বাংলাদেশের মোটর ও বাইক খাতের অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করবে।