রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলমান মোটর শোতে ওমোডা জেকু তাদের নতুন হাইব্রিড এসইউভি ‘জেকু জে৭ পিএইচইভি’ উন্মোচন করেছে। শনিবার (২৫ এপ্রিল) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গাড়িটি প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমোডা জেকুর পরিচালক সাইদুর রহমান, এশিয়ান হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হোসেন এবং ওমোডা জেকুর নির্বাহী পরিচালক সাদিকুল মোস্তাক। এ সময় অটোমোবাইল ইনফ্লুয়েন্সার ও সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন এই এসইউভিতে ব্যবহার করা হয়েছে আধুনিক সুপার হাইব্রিড সিস্টেম ও পঞ্চম প্রজন্মের ১.৫ টিজিডিআই ইঞ্জিন। এটি সম্মিলিতভাবে ৩৪১ বিএইচপি শক্তি এবং ৫২৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার।
গাড়িটির অন্যতম বড় বৈশিষ্ট্য এর জ্বালানি সক্ষমতা। এটি একটানা ১ হাজার ৩৫০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে। শুধু বৈদ্যুতিক শক্তিতে (ইভি মোড) এটি ১০০ কিলোমিটারের বেশি চলতে সক্ষম, যেখানে প্রতি কিলোমিটারে খরচ হবে মাত্র ২ টাকা ২০ পয়সা। এর ১৮.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারিটি ডিসি ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে মাত্র ২০ মিনিটে ৩০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব।
বাংলাদেশের বর্ষার আবহাওয়ার কথা মাথায় রেখে এতে রাখা হয়েছে ৬০০ মিলিমিটার ওয়াটার-ওয়েডিং সুবিধা, যা জলমগ্ন রাস্তায় চলাচলের উপযোগী। নিরাপত্তার জন্য গাড়িটিতে রয়েছে ৮টি এয়ারব্যাগ এবং অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম। গাড়িটি ৫-স্টার ইউরো এনক্যাপ রেটিং প্রাপ্ত।
অত্যাধুনিক ফিচারে সমৃদ্ধ এই এসইউভিতে রয়েছে ১৪.৮ ইঞ্চি টাচস্ক্রিন এবং ভেন্টিলেটেড সিট। এ ছাড়া এতে ‘ভেহিকল-টু-লোড’ প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে গাড়ি থেকে ৩.৩ কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করে বাইরের ইলেকট্রনিক যন্ত্রপাতি চালানো যাবে। আধুনিক পরিবারের নিরাপত্তা ও সাশ্রয়ী যাতায়াতের কথা মাথায় রেখেই জেকু জে৭ মডেলটি বাজারে আনা হয়েছে।