দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইউরোপের শীর্ষস্থানীয় ইলেকট্রিক ভেহিকল (ইভি) ব্র্যান্ড ‘ভি মটো’। বাংলাদেশে ব্র্যান্ডটির পরিবেশক হিসেবে কাজ করছে সিমবা মটরস। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া ১৯তম ঢাকা মোটর শো ২০২৬-এর প্রথম দিনে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়।
সিমবা মটরস জানিয়েছে, ভি মটোর বাইকগুলোতে রয়েছে বিশ্বখ্যাত রেসিং ব্র্যান্ড ডুকাটির অ্যারোডাইনামিক ডিজাইনের ছোঁয়া। ব্যাটারির স্থায়িত্ব ও পারফরম্যান্সের জন্য এই ব্র্যান্ডের ঝুলিতে রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
লাইনআপের প্রধান আকর্ষণ ফ্ল্যাগশিপ মডেল ‘স্ট্যাশ’। ১৪.৪ কিলোওয়াট ক্ষমতার এই বাইকটি ঘণ্টায় সর্বোচ্চ ১২৫ কিলোমিটার গতিতে চলতে পারে। এটি একবার চার্জে পাড়ি দেবে ১৮০ কিলোমিটার পথ। এ ছাড়া স্পোর্টি লুকের ‘টিএস স্ট্রিট হান্টার’ এবং ক্যাফেরেসার ডিজাইনের ‘টিসি ওয়ান্ডারার’ মডেল দুটি মেলা উপলক্ষে বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে। ক্যাশব্যাকের পর এগুলোর দাম যথাক্রমে ৩ লাখ ১৭ হাজার ও ৩ লাখ ১২ হাজার টাকা।
শহরের যাতায়াতের জন্য প্রিমিয়াম ই-স্কুটার ‘সিটি’ এবং ছোট আকৃতির ‘সিইউ’ মডেলও বাজারে এনেছে সিমবা মটরস। সিইউ মডেলে রয়েছে ২.৩ কিলোওয়াট পাওয়ার, যা এক চার্জে ৭৫ কিলোমিটার রেঞ্জ দেবে। মেলার বিশেষ অফারে এটি ১ লাখ ৫৯ হাজার টাকায় মিলছে।
সাশ্রয়ী যাতায়াতের জন্য ব্র্যান্ডটি নিয়ে এসেছে ই-ম্যাক্স সিরিজ। এই সিরিজের ‘এফএক্স’, ‘এস৬০০’ ও ‘এস৮০’ মডেলগুলো বিভিন্ন রেঞ্জ ও গতিতে পাওয়া যাচ্ছে। এগুলোর দাম শুরু হয়েছে ১ লাখ ৩ হাজার টাকা থেকে।
সিমবা মটরসের চেয়ারম্যান সোহেল বিন আজাদ বলেন, ঢাকা মোটর শোতে ভি মটোর প্যাভিলিয়নে দর্শনার্থীদের জন্য টেস্ট রাইডের সুযোগ রাখা হয়েছে। বাইকপ্রেমীদের জন্য এখানে আরও কিছু আকর্ষণীয় সেগমেন্ট রয়েছে।
পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তির এই বাইকগুলো দেশের যাতায়াত ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। তিন দিনব্যাপী এই মোটর শো চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।