দেশের বাজারে মিতসুবিশি মোটরসের নতুন মডেলের এসইউভি ‘ডেস্টিনেটর’ নিয়ে এসেছে র্যাংগস লিমিটেড। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া ১৯তম ঢাকা মোটর শো ২০২৬-এ গাড়িটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
৭ আসনের এই প্রিমিয়াম এসইউভিটি মূলত আধুনিক পরিবারের চাহিদা ও আরামদায়ক ভ্রমণের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। মিতসুবিশির মেগা প্যাভিলিয়নে গাড়িটি প্রদর্শন করছে ব্র্যান্ডটির একমাত্র অনুমোদিত পরিবেশক র্যাংগস লিমিটেড।
উদ্বোধনী অনুষ্ঠানে র্যাংগস লিমিটেডের সিইও মুইদুর রহমান তানভীর বলেন, ‘নতুন ডেস্টিনেটর দেশের গাড়ির বাজারে বড় পরিবর্তন নিয়ে আসবে। পারফরম্যান্স ও প্রিমিয়াম সুবিধার পাশাপাশি এর ইঞ্জিন ১.৫ লিটারের হওয়ায় এটি কর কাঠামোর দিক থেকেও গ্রাহকদের জন্য সাশ্রয়ী হবে।’
গাড়িতে রয়েছে ১.৫ লিটার টার্বোচার্জড মেভিক ইঞ্জিন, যা ১৬৩ পিএস শক্তি উৎপাদন করতে সক্ষম। ১ হাজার ৪৯৯ সিসি ইঞ্জিন হওয়ার কারণে এটি বাংলাদেশের কর ব্যবস্থায় সুবিধাজনক অবস্থানে থাকবে। অভ্যন্তরীণ নকশায় রয়েছে কালো ও মেরুন রঙের প্রিমিয়াম কেবিন, প্যানোরামিক সানরুফ এবং বিশেষ হিট গার্ড প্রযুক্তির লেদার সিট।
প্রযুক্তিগত সুবিধার মধ্যে রয়েছে ১২.৩ ইঞ্চির ইনফোটেইনমেন্ট ডিসপ্লে, ইয়ামাহার ৮ স্পিকারের সাউন্ড সিস্টেম এবং ওয়্যারলেস স্মার্টফোন কানেক্টিভিটি। নিরাপত্তার জন্য এতে ছয়টি এয়ারব্যাগ, অ্যাকটিভ ইয়াক কন্ট্রোল ও ফরওয়ার্ড কলিশন মিটিগেশনের মতো আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে।
র্যাংগস লিমিটেডের হেড অব মার্কেটিং ফাহিম হোসেন বলেন, প্রশস্ত কেবিন থেকে শুরু করে ন্যানোই এক্স এয়ার পিউরিফিকেশন প্রযুক্তি প্রতিটি ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে। প্রযুক্তি ও আরামের সমন্বয়ে তৈরি এই গাড়িটি পরখ করে দেখতে তিনি দর্শকদের আমন্ত্রণ জানান।
আকর্ষণীয় টি-শেপ এলইডি লাইট এবং ১৮ ইঞ্চির অ্যালয় হুইল সমৃদ্ধ নতুন এই মিতসুবিশি ডেস্টিনেটর দেশের ক্রমবর্ধমান এসইউভি বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। তিন দিনব্যাপী এই মোটর শো চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।