চীনে নিজেদের জনপ্রিয় এসইউভি ‘ব্রোঙ্কো’-এর ইলেকট্রিক ও প্লাগ-ইন হাইব্রিড সংস্করণ উন্মোচন করেছে ফোর্ড। তবে যুক্তরাষ্ট্রের বাজারে এখনো আসেনি মডেলটি। ‘ব্রোঙ্কো নিউ এনার্জি’ নামের এই মডেলটি চীনের পরিবেশবান্ধব গাড়ির চাহিদা মেটাতে আনা হয়েছে। এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের বাজারেও ব্রোঙ্কোর হাইব্রিড সংস্করণ আসার সম্ভাবনা বাড়ল।
যদিও একে ‘ব্রোঙ্কো’ বলা হচ্ছে, তবে নকশার দিক থেকে এটি ফোর্ডের মূল বডি-অন-ফ্রেম ব্রোঙ্কোর চেয়ে ব্রোঙ্কো স্পোর্ট ক্রসওভারের মতো। বক্সি নকশা ও চার দরজার ডিজাইন গাড়িটিকে বেশ আকর্ষণীয় করেছে। পেছনে অতিরিক্ত টায়ার ও উঁচু গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়িটিকে একটি পরিপূর্ণ অফ-রোড গাড়ির রূপ দিয়েছে।
সম্পূর্ণ ইলেকট্রিক সংস্করণটিতে রয়েছে ১০৫ কিলোওয়াট-আওয়ারের একটি বড় ব্যাটারি প্যাক। ফোর্ডের দাবি, একবার সম্পূর্ণ চার্জে এটি ৪০৩ মাইল বা প্রায় ৬৪৮ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। তবে এই রেঞ্জ সম্ভবত ডব্লিউএলটিপি মেট্রিক অনুযায়ী হিসাব করা হয়েছে, যা সাধারণত বাস্তব পরিস্থিতির চেয়ে কিছুটা বেশি হয়।
প্লাগ-ইন হাইব্রিড (পিএইচইভি) সংস্করণটিতেও ৪৪ কিলোওয়াট-আওয়ারের একটি বড় ব্যাটারি রয়েছে। শুধু ব্যাটারির শক্তিতে এটি ১৩৬ মাইল (প্রায় ২১৯ কিলোমিটার) চলতে পারে। আর ব্যাটারির সম্পূর্ণ চার্জ ও ফুয়েল ট্যাংক ভর্তি থাকলে এর সম্মিলিত রেঞ্জ প্রায় ৮০০ মাইল বা ১২৮৭ কিলোমিটার। এই প্লাগ-ইন হাইব্রিডে ‘রেঞ্জ এক্সটেন্ডার’ সিস্টেম ব্যবহৃত হয়েছে, যেখানে ইঞ্জিন সরাসরি চাকায় শক্তি না দিয়ে ব্যাটারির চার্জ বজায় রাখতে জেনারেটরের মতো কাজ করে।
এখনো বিস্তারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন প্রকাশ করেনি ফোর্ড। ধারণা করা হচ্ছে, নতুন ব্রোঙ্কোতে থাকবে অল-হুইল ড্রাইভ সিস্টেম। ছবিতে দেখা গেছে ‘ব্যাডল্যান্ডস’ ব্যাজ, যা ব্রোঙ্কো সিরিজে অতিরিক্ত অফ-রোড ফিচার যুক্ত করে।
চীনে চলতি বছরের শেষ নাগাদ মডেলটি বিক্রি শুরু হবে বলে জানিয়েছে ফোর্ড। যুক্তরাষ্ট্রে কবে আসবে সে বিষয়ে নিশ্চিত তথ্য না থাকলেও ফোর্ড আগে জানিয়েছিল, ব্রোঙ্কো লাইনে হাইব্রিড সংস্করণ যোগ করার পরিকল্পনা আছে।