জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কিয়া তাদের সাব-কম্প্যাক্ট এসইউভি ‘নিরো’-এর নতুন সংস্করণ বাজারে আনার ঘোষণা দিয়েছে। ২০২৭ মডেলের এ গাড়িটিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, যা একে আগের চেয়ে আরও আধুনিক ও আকর্ষণীয় করে তুলেছে। সম্প্রতি কিয়া গাড়িটির নতুন লুক বা ফেসলিফটের ছবি প্রকাশ করেছে।
গাড়িটির বাহ্যিক নকশায় বড় ধরনের পরিবর্তন এসেছে। আগের মডেলে সামনের অংশে যে পাতলা ক্রোম ট্রিম ছিল, নতুন সংস্করণে তা বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে কিয়ার নতুন ঘরানার আধুনিক ফ্রন্ট এন্ড যুক্ত করা হয়েছে। হেডলাইটের নকশায় কিয়ার সিগনেচার স্টাইল বজায় আছে। এই পরিবর্তন কিয়ার অন্যান্য আধুনিক মডেলের সঙ্গে গাড়িটির সামঞ্জস্যতা বাড়িয়েছে।
ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে লক্ষণীয় পরিবর্তন এর ‘বি-পিলার’। আগে এটি ভিন্ন রঙের হলেও এখন তা গাড়ির মূল বডির রঙের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে। পেছনের বাম্পার ও টেইল লাইটের নকশাও আগের চেয়ে সহজবোধ্য করা হয়েছে। পেছনের লাইটগুলো এখন আর আগের মতো ছাদ পর্যন্ত বিস্তৃত নয়।
গাড়ির ভেতরের অংশেও এসেছে আধুনিকতার ছোঁয়া। যদিও ইন্টেরিয়রের মূল কাঠামো আগের মতো রাখা হয়েছে, তবে এতে নতুন স্টিয়ারিং হুইল ও কন্ট্রোল সিস্টেম যুক্ত হয়েছে। সবচেয়ে বড় আকর্ষণ কিয়ার অত্যাধুনিক ১২ দশমিক ৩ ইঞ্চির ডুয়াল স্ক্রিন সেটআপ। একই কাচের আবরণে ইনফোটেইনমেন্ট ও ইনস্ট্রুমেন্ট ডিসপ্লে থাকার ফলে কেবিনটি এখন অনেক বেশি প্রিমিয়াম দেখায়।
কিয়া জানিয়েছে, ২০২৭ সালের কিয়া নিরো হাইব্রিড ও ইলেকট্রিক উভয় সংস্করণে বাজারে আসছে পারে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বাজারে এটি ২০২৭ মডেল ইয়ার হিসেবে ছাড়া হবে। তবে গাড়িটির দাম ও অন্যান্য কারিগরি তথ্য জানতে মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাজার বিশ্লেষকদের মতে, পরিবেশবান্ধব গাড়ির বাজারে কিয়ার এই নতুন সংস্করণ বেশ প্রতিযোগিতা তৈরি করবে।