জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ও জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অভিযোগে তাদের এ নোটিশ প্রদান করা হয়।
নোটিশে বলা হয়, গত ২৭ নভেম্বর ক্যাম্পাসে প্যানেলটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে কয়েকজন প্রার্থী প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার এবং জবি প্রশাসনের বিরুদ্ধে ‘উসকানিমূলক, বিভ্রান্তিকর ও মানহানিকর’ বক্তব্য প্রদান করেছেন।
এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ এবং জকসু নির্বাচনি আচরণবিধি ২০২৫–এর সুস্পষ্ট লঙ্ঘন বলে নোটিশে উল্লেখ করা হয়।
এ ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা চেয়ে নোটিশে বলা হয়েছে।
এ বিষয়ে জবি শিবিরের সেক্রেটারি ও জকসুর এজিএস প্রার্থী আবদুল আলিম আরিফ বলেন, আমরা কখনোই এমন কোনো বক্তব্য উপস্থাপন করিনি, যার পক্ষে আমাদের কাছে তথ্য-উপাত্ত ও যৌক্তিক ভিত্তি ছিল না। যুক্তি ও প্রমাণের আলোকে আমরা স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেছি। নির্বাচন কমিশনার আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপন করেছেন, আমরা সেগুলোকে অস্পষ্ট ও অসংগত বলে মনে করছি। তবুও আমরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কমিশনের পাঠানো শোকজ নোটিশের জবাব প্রদান করব, ইনশাআল্লাহ
তিনি আরও বলেন, আমরা আশা করি, নির্বাচন প্রক্রিয়াকে অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও নিরপেক্ষ রাখার জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
মুজাহিদ বিল্লাহ/নাঈম