রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে admission.ruet.ac.bd ফল প্রকাশ করা হয়।
রবিবার বিকেলে রুয়েট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ জানুয়ারি রুয়েট ও বুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ক গ্রুপে মোট ১৫,৫৬৭ জন এবং খ গ্রুপে ৪৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। মেধাতালিকায় ক গ্রুপের ৭,৭০২ জন এবং খ গ্রুপের ২৭৪ জনের নাম স্থান পেয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরবর্তী মেধাতালিকা নিয়মিতভাবে ওয়েবসাইট থেকে অনুসরণ করতে বলা হয়েছে।
পছন্দক্রম পূরণ ও বাছাই
মেধাতালিকাভুক্ত প্রার্থীদের আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১০ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে রুয়েটের ভর্তি পোর্টালে (admission.ruet.ac.bd) লগইন করে বিভাগ নির্বাচন বা অনলাইন চয়েস ফরম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের পর পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে না। প্রকৌশল ও নগর অঞ্চল বিভাগের জন্য ১৩টি পছন্দ প্রদান করতে হবে। তবে স্থাপত্য বিভাগের জন্য পছন্দক্রম পূরণ বাধ্যতামূলক নয়।
সশরীরে উপস্থিতি ও ভর্তি কার্যক্রম
ক গ্রুপে মেধাতালিকার ১ থেকে ১,২০০ এবং খ গ্রুপে স্থাপত্য বিভাগের ১ থেকে ৩০ নম্বরধারীদের নির্ধারিত দিনে রুয়েট গেস্ট হাউস ও টিচার্স ডরমেটরিতে সশরীরে উপস্থিত হতে হবে। এছাড়া আসন শূন্য থাকলে ক গ্রুপে ১,২০১ থেকে ২,০০০ এবং খ গ্রুপে স্থাপত্য বিভাগের ৩১ থেকে ৫০ নম্বরধারীদেরও ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনের বিপরীতে মেধাক্রম অনুসারে ১৮ জন প্রার্থীকে ডাকা হয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্র
ভর্তির সময় প্রার্থীদের সঙ্গে আনতে হবে ভর্তি ফরমের মুদ্রিত কপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মূল সনদপত্র ও গ্রেডশিট, প্রশংসাপত্র, ছবি, পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র। সংরক্ষিত আসনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র জমা দিতে হবে।
স্বাস্থ্য পরীক্ষা ও ভর্তি ফি
ভর্তি কার্যক্রমের দিনই স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে। এ জন্য ব্লাড গ্রুপ টেস্টের রিপোর্ট সঙ্গে আনতে হবে। চিকিৎসা পরীক্ষার ফরম ভর্তি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টার মধ্যে ১৮,৫০০ টাকা ভর্তি ফি রুয়েট শাখার রূপালী ব্যাংকে জমা দিতে হবে।
স্বাস্থ্য পরীক্ষা শেষে একই দিনে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করা যাবে।
রিফাত/