গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ডুয়েট ব্লকেড কর্মসূচি চলছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, রবিবার (১৭ মে) আনুষ্ঠানিকভাবে নতুন ভিসি তার কার্যালয়ে অফিস করেছেন। শিক্ষার্থীরা বলেছেন, তাদের বিশ্ববিদ্যালয় থেকে নতুন ভিসি নিয়োগ নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চলবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ মে) ডুয়েটের উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর ওই দিন রাত সাড়ে ৯টা থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।
সোমবার (১৮ মে) সকালে আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। এ সময় কর্মকর্তা, কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। এতে গেইটের বাইরে কর্মকর্তা, কর্মচারীদের ভিড় দেখা গেছে। ব্লকেড কর্মসূচির কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম।
এর আগে রবিবার (১৭ মে) নবনিযুক্ত ভিসির ক্যাম্পাসে যোগদানের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। গতকাল বিকেল ৩ টা পর্যন্ত বিক্ষিপ্তভাবে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দুপুরের দিকে নবনিযুক্ত ভিসির পক্ষে ছাত্রদল ও কিছু বহিরাগত লোক এসে ক্যাম্পাসে অবস্থান নিলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
তারা বলেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বহিরাগত কাউকে না এনে অভ্যন্তরীণ যোগ্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া প্রয়োজন। তাদের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ডুয়েটের ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে কয়েক দিন ধরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ অবস্থায় গতকাল শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে গেটের বাইরে থাকা পুলিশ সদস্য,গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন ও সাধারণ ছাত্রসহ ১৪-১৫ জন আহত হন।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, গতকাল নতুন ভিসি অধ্যাপক মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়ে যোগদান করে তার দাপ্তরিক কাজ শুরু করেছেন।
পলাশ প্রধান/অন্তরা