ত্বক আমাদের শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশ। এটি শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং সুস্থতারও প্রকাশ। তাই ত্বকের যত্ন নেওয়া প্রয়োজনীয়। কিন্তু সোশ্যাল মিডিয়ার নানা টিপস, ট্রেন্ড আর প্রোডাক্টের ভিড়ে কোনটা ভালো আর কোনটা ক্ষতিকর এটা বোঝা মুশকিল। ভুল প্রোডাক্ট বা অতিরিক্ত এক্সপেরিমেন্ট বরং ত্বকের ক্ষতি করতে পারে।
এজন্য চারজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট জানান, কোন অভ্যাস তারা একেবারেই করেন না এবং সবাইকে এড়িয়ে চলতে বলেন। যেমন- অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহার নয়, প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার, ব্রণ না ফাটানো, একসঙ্গে একাধিক নতুন প্রোডাক্ট না লাগানো, রুক্ষ স্ক্রাব এড়িয়ে চলা, ট্রিপল অ্যান্টিবায়োটিক ক্রিম ব্যবহার না করা এবং জেল ম্যানিকিউর বাদ দেওয়া। এসব পরিবর্তন রুটিনে আনলে ত্বক আরও সুস্থ, উজ্জ্বল ও সুরক্ষিত থাকবে।
অতিরিক্ত স্কিনকেয়ার নয়
আজকাল সোশ্যাল মিডিয়ায় ৮ থেকে ১০ ধাপের স্কিনকেয়ার রুটিন খুব জনপ্রিয়। কিন্তু রাটগার্স সেন্টার ফর ডার্মাটোলজির সহযোগী অধ্যাপক ড. সিন্ডি ওয়াসেফ বলেন, ‘অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহার ত্বকে জ্বালা ও ব্রণ বাড়াতে পারে।’ তার পরামর্শ, সর্বোচ্চ দুই-তিনটি কার্যকর প্রোডাক্ট ব্যবহার করলেই যথেষ্ট। বেশি লেয়ারিং করলে অনেক সময় শেষের প্রোডাক্ট ত্বকে ঠিকমতো শোষিতও হয় না।
সানস্ক্রিন অপরিহার্য
যত দামি সিরাম বা ক্রিমই ব্যবহার করুন না কেন, সানস্ক্রিন বাদ দিলে সব পরিশ্রম বৃথা। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা না পেলে বয়সের ছাপ, দাগ, ফাইন লাইন এবং বড় পোরস দ্রুত দেখা দেয়। ড. ওয়াসেফ বলেন, ‘একটি প্রোডাক্ট বেছে নিতে হলে আমি SPF-ই (সূর্যরশ্মি প্রতিরোধ ক্ষমতার মাত্রা) বেছে নেব।’ আরেক বিশেষজ্ঞ ড. সুসান মাসিকের পরামর্শ হলো- রোদ কম থাকলেও বা শীতকালেও সানস্ক্রিন ব্যবহার বন্ধ করবেন না।
ট্রিপল অ্যান্টিবায়োটিক ক্রিম এড়িয়ে চলুন
কেটে গেলে বা চুলকানি হলে অনেকেই নিওমাইসিন যুক্ত ট্রিপল অ্যান্টিবায়োটিক ক্রিম লাগান। কিন্তু ইটার্নাল ডার্মাটোলজি অ্যান্ড অ্যাস্থেটিকসের প্রতিষ্ঠাতা ড. ইফে রডনি বলেন, ‘নিওমাইসিন অনেকের ক্ষেত্রে কন্টাক্ট ডার্মাটাইটিস বা ত্বকে অ্যালার্জি তৈরি করে। এতে ত্বক লাল ও ফোলা হয়ে যায়।’
ব্রণ ফাটাবেন না, বিশেষত রাতে
মুখে ব্রণ হলে সেটা চেপে ধরার ইচ্ছা দমন করা কঠিন। কিন্তু ডার্মাটোলজিস্টরা একবাক্যে বলেন ‘হাত দেবেন না’। ব্রণ চেপে ধরলে আশপাশের ত্বকে প্রদাহ ছড়ায়, দাগ পড়ে যায় এবং নিরাময়ের সময় বেড়ে যায়। ড. রডনির পরামর্শ মেডিকেটেড প্যাচ বা স্পট ট্রিটমেন্ট ব্যবহার করুন। আর রাতে ব্রণ ফাটালে অনেকেই বেশি চাপ দেন, এতে দাগ আরও খারাপ হয়।
একসঙ্গে একাধিক নতুন প্রোডাক্ট ব্যবহার নয়
ত্বকের নতুন সমস্যা সমাধানের জন্য হঠাৎ একসঙ্গে অনেক পণ্য ব্যবহার করা উচিত না। এতে বোঝা যায় না যে, কোনটি কাজ করছে আর কোনটি সমস্যা তৈরি করছে। তাই ড. রডনি পরামর্শ দেন, একবারে একটি প্রোডাক্ট ব্যবহার শুরু করুন এবং কয়েক সপ্তাহ অপেক্ষা করে তারপর নতুন কিছু ব্যবহার করুন।
জেল ম্যানিকিউর থেকে দূরে থাকুন
নখকে চকচকে ও নিখুঁত দেখাতে জেল ম্যানিকিউর জনপ্রিয় হলেও এটি নখের প্লেট নষ্ট করে। এজন্য সব সময় সাধারণ নেল পলিশকেই নিরাপদ।
অতিরিক্ত রুক্ষ স্ক্রাব বা ব্রাশ ব্যবহার নয়
ড. মাসিকের মতে, ‘প্রতিদিন মেকআপ পরিষ্কার করা জরুরি হলেও শক্ত স্ক্রাব বা রুক্ষ ব্রাশ ত্বকের ক্ষতি করে।’ নরম ক্লিনজারই যথেষ্ট। বেশি ঘষা দিলে ত্বক শুষ্ক, লালচে এবং সংবেদনশীল হয়ে যেতে পারে।
তথ্যসূত্র: উইমেন্স হেলথ ম্যাগাজিন
/এস লুপিন
.jpg)