বরগুনার আমতলীতে মোবাইলে অ্যাকশন মুভি দেখে আবু রায়হান (২২) নামে মানসিক প্রতিবন্ধী যুবক নিজের পেটে ছুরিকাঘাত করেছে। স্বজনরা তাকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
সোমবার (২৭ জানুয়ারি) উত্তর টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, আবু রায়হান জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী। তার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য তাজুল ইসলাম ২০২০ সালে এবং মা রেশমা বেগম ২০০৭ সালে মারা যান। এর পর থেকে রায়হান তার মামা জিহাদ হাওলাদার ও মামি ঝরনা বেগমের কাছে লালন-পালন হয়ে আসছেন।
মামি ঝরনা বেগম বলেন, রায়হান দীর্ঘদিন ধরে মোবাইলে আসক্ত হয়ে পড়েছিল। একাধিকবার সতর্ক করা সত্ত্বেও সে মোবাইল ছেড়ে অন্য কাজে মনোযোগ দেয়নি। সোমবার সকালে খাবার খেয়ে ঘরে মোবাইলে অ্যাকশন মুভি দেখছিল রায়হান। সে সময় সে আচমকাই নিজের পেটে ছুরিকাঘাত করে এবং চিৎকার শুনে তাকে দ্রুত উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।
আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অমিত বলেন, রায়হানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মহিউদ্দিন অপু/জোবাইদা/