স্বাধীনতা ও জাতীয় দিবসে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন না করায় মহান স্বাধীনতা দিবসকে অবমাননার অভিযোগ তুলেছেন মুক্তিযোদ্ধাগণ। অন্যদিকে দায় এড়াতে ভুল স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
সরকারি ঘোষণা অনুযায়ী সকল সরকারি, বেসরকারিসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও সরকারি সেই আদেশকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন করেনি। এতে জাতীয় পতাকা ও মহান স্বাধীনতাকে অবমানতার অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মুক্তিযোদ্ধা ও সাধারণ নাগরিকদের মাঝে। সরকারি নির্দেশনা থাকার পরে জাতীয় পতাকা উত্তোলন না করায়, স্বাধীনতা ও জাতীয় দিবসকে অবমাননার অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফুলবাড়ী উপজেলা প্রশাসনের অনুষ্ঠান সূচিতেও পতাকা উত্তোলনের কথা বলা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করে স্বাধীনতা দিবসকেই অবমাননা করা হয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেন তিনি।
একইভাবে ক্ষোভ প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আকন্দ। তিনি বলেন, স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন না করে ধৃষ্টতা দেখিয়েছে যা স্বাধীনতা দিবসকেই অস্বীকার করার শামীল। এই ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
জাতীয় দিবসে পতাকা উত্তোলন না করার কারণ জানতে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মশিউর রহমানের সাথে যোগযোগ করা হলে, তিনি পতাকা উত্তোলনের বিষয়টি ভুল স্বীকার করে বলেন, একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে ভুলবশত উত্তোলন করেনি। এভাবে ভুলস্বীকার করে দায় এড়িয়ে যান তিনি ।
এ বিষয়ে কথা বললে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, বিষয়টি যেহেতু অন্য দপ্তরের, তাই ওই দপ্তরের ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি অবগত করুন।
বিষয়টি নিয়ে দিনাজপুর সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস বলেন বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খুব দ্রুত সময় এই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে ।
সুলতান মাহমুদ/মাহফুজ