টেকনাফের সেন্টমার্টিন ছেড়াদ্বীপের পূর্বে বঙ্গোপসাগর থেকে ২২১ জন রোহিঙ্গা ও বাংলাদেশি আটকের ঘটনায় ১২ জন আটক দালালসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করে ভিকটিমদের থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১টায় বঙ্গোপসাগর থেকে ট্রলার যোগে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে তোলা হয় তাদের। পরে রাত ২টা ৪০ মিনিটে শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে তাদের হস্তান্তর করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বুধবার সেন্টমার্টিন কোস্টগার্ড বিসিবি স্টেশনে কর্মরত চিফ পেটি অফিসার আহাম্মদ আলী মিয়া বাদী হয়ে টেকনাফ থানায় আটক ১২ আসামিসহ ১৮ জন দালালের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন (২০১২) রুজু করা হয়েছে।
বাদী আহাম্মদ আলী মিয়া মামলার এজাহারে উল্লেখ করেন, মঙ্গলবার ৫টা ৩৫ মিনিটের সময় বিসিজি স্টেশান সেন্টমার্টিন ছেড়াদ্বীপ এলাকা দিয়ে একটি পুরাতন ইঞ্জিনচালিত কাঠের বড় ট্রলার লোকজন দিয়ে অবৈধভাবে যাচ্ছে। উক্ত ট্রলারটি গতিবিধি সন্দেহ হলে কোস্টগার্ডের সঙ্গীয় ফোর্সসহ তাহাদের পিছু নিলে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের পূর্বে বোটটি আটক করেন। পরবর্তী সময়ে কোস্টগার্ড সদস্যদের সহায়তায় ইঞ্জিনচালিত কাঠের ট্রলারে থাকা লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা যায় আটক আসামিরা (মানব পাচারকারীরা) তাহাদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে মালয়েশিয়া নিয়া যাচ্ছে। মানবপাচারের শিকার হওয়া ২০৯ জন বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতদের মধ্যে ৪২ জন বাংলাদেশি নাগরিক, ১৬৭ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের উদ্ধারপূর্বক নিরাপদ হেফাজতে নেওয়া হয়।
এজাহারে আরও উল্লেখ করেন, ধৃত আসামিদের পরস্পর যোগসাজশে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের আর্থ-সামাজিক অনগ্রসরতা ও পরিবেশগত অসহায়ত্বকে পুঁজি করে উন্নত জীবন-যাপন, অধিক বেতনে চাকরি ও অবিবাহিত নারীদেরকে বিবাহের মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে যৌন নিপীড়ন, প্রতারণামূলক বিবাহ ও জবরদস্তিমূলক শ্রমসেবা আদায়ের জন্য সাগরপথে ইঞ্জিনচালিত কাঠের ট্রলার যোগে বাংলাদেশ হতে মালয়েশিয়ায় পাচার করার উদ্দেশে যাচ্ছিল।
ধৃত ও পলাতক আসামিদের সংঘবদ্ধ মানবপাচার চক্রটি দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে বাঙালি ও রোহিঙ্গা নাগরিকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অবৈধভাবে সাগরপথে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পাচারের অপরাধ সংঘটিত করে আসছে।
যৌন নিপীড়ন, প্রতারণামূলক বিবাহ ও জবরদস্তিমূলক শ্রম ও সেবা আদায়ের অসৎ অভিপ্রায়ে ভিকটিমদের অবৈধভাবে নৌকাযোগে সমুদ্রপথে বাংলাদেশ হতে মালয়েশিয়ায় পাচার করে যাচ্ছে।
মো. শাহীন/মাহফুজ