বাগেরহাটের মোল্লাহাটে মুক্তিপণের উদ্দেশে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। উদ্ধার শ্রীলঙ্কান নাগরিকরা হলেন, মালাভি পাথিরানা, পাথিরানা ও থুপ্পি মুদিইয়ানসেল্যাগ নীল।
আটকরা হলেন, মোল্লাহাট উপজেলার দক্ষিণ আমবাড়ি এলাকার কাজী এমদাদ হোসেন (৫২), শহিদুল শেখ (২৪), গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জনি শেখ (৩৮) ও চরকুড়িয়া এলাকার শামসুল আলম। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে, উদ্ধার শ্রীলঙ্কার নাগরিকের মধ্যে একজন নারী রয়েছেন। তারা বাগেরহাটের শহিদুল শেখ নামে এক ব্যক্তির আমন্ত্রণে গত ২২ এপ্রিল ঢাকায় আসেন। পরে তাদের অপহরণ করে শ্রীলঙ্কায় পরিবারকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়।
পুলিশ বলছে, এরা একটি সংঘবদ্ধ চক্র। এ চক্রের সঙ্গে আরও কারা জড়িত, সেটা খতিয়ে দেখা হচ্ছে। শ্রীলঙ্কার ব্যবসায়ী মালাভি পাথিরানা বলেন, তাদের জিম্মি করে পাঁচ লাখ ডলার মুক্তিপণ দাবি করা হয়েছিল।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, ‘খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করে। অপহরণের সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’