নড়াইলের কালিয়ায় ছিয়াম শেখ (৯) নামে এক ছাত্রকে বেধরক পিটিয়েছে স্কুলের শিক্ষিকা লিনা বেগম। পরে ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়। লিনা বেগম বেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
ছিয়াম শেখ ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং বেন্দার চর গ্রামের কামাল শেখের ছেলে। সে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (১৩ আগস্ট) এ ঘটনা ঘটে।
কালিয়া থানায় ওই শিক্ষিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীর বাবা কামাল শেখ।
অভিযোগে বলা হয়, রাজনৈতিক বিষয় নিয়ে তার সঙ্গে আমার পূর্ব শত্রুতা রয়েছে এবং বিবাদী অনেক দিন ধরে আমার ও আমার পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টা করছে। গত ১৩ আগস্ট দুপুরে স্কুল ছুটির কিছু আগে আমার ছেলের সঙ্গে তার ক্লাসের কিছু সহপাঠীর কথা কাটাকাটি হয়। পরবর্তীতে সহপাঠীরা আমার ছেলেকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যায়। প্রধান শিক্ষিকা ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটন না করে আমার ছেলের কোনো কথা না শুনে বেধরক মারধর করেন। মারধরের এক পর্যায়ে আমার ছেলেকে হত্যা করার জন্য মাথায় গুরুতর আঘাত করে এবং শারীরিক অবস্থা খারাপ দেখে কালিয়া হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আমার ছেলে চিকিৎসাধীন আছে।
কামাল শেখ রবিবার (১৭ আগস্ট) সকালে বলেন, আমার ছেলের শারীরিক অবস্থা এখনও অনেক খারাপ। এখনও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
গত ১৪ আগস্ট থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, থানায় এমন কোনো অভিযোগ আছে কি-না খোঁজ নিয়ে জানাচ্ছি।
শরিফুল ইসলাম/নাঈম/