ফরিদপুরে অসাধু ফিলিং স্টেশনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্র সমাজ।
সোমবার (৭ সেপ্টেম্বরে) বেলা ১১টার দিকে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ফরিদপুর ছাত্র সমাজের প্রতিনিধি আবরার নাদিম ইতু।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ফরিদপুরের কিছু অসাধু ফিলিং স্টেশনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করছে, যা আইনত দণ্ডনীয় এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।
এ সময় তিনি গত সাত সেপ্টেম্বর রাতে নগরকান্দা উপজেলার মহিলা রোডে তোফাজউদ্দিন ফিলিং স্টেশনের ঘটনা তুলে ধরে বলেন, দুঃখের বিষয় এখন পর্যন্ত ৩৬ ঘণ্টা পার হয়ে গেলেও নূন্যতম দুই লাখ টাকা জরিমানা ছাড়া যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র তোফাজউদ্দিন ফিলিং স্টেশন নয়, আরও কিছু জায়গাতেও রিফিলিং এবং ক্রস ফিলিং করা হয়। কিন্তু তাদের ধরার বা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে এ পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা দেখিনি, যা আমাদের জন্য খুবই হতাশার। এর সঙ্গে সবার বাসাবাড়ির নিরাপত্তা জড়িত।
এ সময় তিনি আইনগত দিক, নিরাপত্তাজনিত ঝুঁকি, অর্থনৈতিক ক্ষতি, রাজস্ব ফাঁকি ও দুর্ঘটনার বাস্তব চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
একইসঙ্গে অনতিবিলম্বে তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করেন এবং এর স্থায়ী সমাধান চান।
পরে তিনি এগুলো বন্ধে বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-
১) দুই কর্মদিবসের মধ্যে যারা অবৈধভাবে সিলিন্ডার রিফিল করে সেগুলো বন্ধ করে আইনের আওতায় আনতে হবে। ২) ইতোমধ্যে যেসব স্থানে অবৈধ সিলিন্ডার গুলো পৌঁছে গেছে সেসব সিলিন্ডার সনাক্ত করে জব্দ করতে হবে। ৩) ফরিদপুর শহরের মধ্যে যেসব অবৈধ কারখানা, গোডাউন, উৎপাদন বিপণনে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। ৪) সরকারের রাজস্ব সুরক্ষায় এলপিজি ব্যবসাকে অবশ্যই শৃঙ্খলাবদ্ধ ও আইনের আওতায় আনতে হবে এবং ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালাতে হবে।
দাবিগুলো আগামী বৃহস্পতিবারের মধ্যে না মানলে ফরিদপুরের ছাত্র-জনতাকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি সাংবাদিক সম্মেলনে জানান।
সঞ্জিব দাস/মৌসুমী/