মুন্সিগঞ্জের শ্রীনগরে আওয়ামীলীগ কার্যালয়ে চালুর ১ দিন পর তালা দিয়েছে এনসিপি নেতাকর্মীরা।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বীরতারা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এসময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এনসিপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের।
কর্মসূচিতে অংশ নেওয়া এনসিপির সিরাজদিখানের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী নেওয়াজ বলেন, গতকাল কার্যালয়টি চালুর ভিডিও ভাইরাল হয়। বিষয়টি আমরা ওসি ইউএনওকে জানাই। তারা এমনভাবে ভিডিও ছড়িয়ে দিয়েছিলো যেন প্রত্যাবর্তন হচ্ছে, কিন্তু আসলে কিছুই না। কিছু বাচ্চা নিয়ে তারা স্লোগান দিয়েছিলো, এটাই আওয়ামীলীগের রাজনীতি। আমরা চাইনা ১৪শ খুনের বিচারের আগে বাংলাদেশে কিংবা মুন্সীগঞ্জে তাদের প্রত্যাবর্তন ঘটুক।
এর আগে শনিবার মুন্সীগঞ্জের শ্রীনগরের বীরতারা ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় চালু সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ৩৮সেকেন্ডের ভিডিওতে কার্যালয়টিতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে স্লোগান দিতে দেখা যায়৷ স্লোগানদানকারী ব্যাক্তির নাম সাব্বির বলে জানিয়েছে পুলিশ। সাব্বির বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগের কার্যক্রম চালুর বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, ঘটনাটি কবের তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। সেটা একটি শার্টার লাগানো দোকান ঘর। ঘটনায় জড়িত সাব্বির দীর্ঘদিন ধরেই পলাতক রয়েছে ।
এসএন/