দিনাজপুর শহরের সুইহারী আশ্রমপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- তপন চন্দ্র সরকার (৪৫) ও তার স্ত্রী লতা রানী সরকার (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ একটি বাড়িতে আগুনের শিখা দেখতে পান আশেপাশের বাসিন্দারা। মুহূর্তেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে আটকেপড়া দম্পতি আগুনে দগ্ধ হয়ে মারা যান। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা সুমন রায় বলেন, রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে হঠাৎ আগুন লাগে। তাদের চিৎকার শুনে আমরা ছুটে যাই। দেখি দোতলা বাড়িটি আগুনে জ্বলছে। আমরা আগুন নেভানোর চেষ্টা করি। পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে দেখি লতা সরকারের মরদেহ পড়ে আছে, শরীরের অধিকাংশই পুড়ে গেছে। আর তপন চন্দ্র সরকারকে বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়।
আরেক বাসিন্দা সুবীর চক্রবর্তী ছোটন বলেন, “চিৎকার শুনে গিয়ে দেখি আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দুইজনের মরদেহ উদ্ধার করে। লতা সরকারকে চেনার উপায় ছিল না।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সুলতান মাহমুদ/অমিয়/