ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বাজার এলাকায় মাদক ও জুয়ার আসরে অভিযান ও আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক ও জুয়ার আসরে অভিযান চালানোর সময় আসামি ও তাদের স্বজন এবং স্থানীয়রা জেলা গোয়েন্দা পুলিশের উপর হামলা করে। এতে গুরুতর আহত হয়েছেন তিনজন, আরও আহত হয়েছেন একাধিক। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। এ বিষয়ে পুলিশের তরফ থেকে মামলাসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান চলবে।
এ সময় হামলার ঘটনায় আহত তিন পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আরো কয়েকজন আহত আছে বলে জানা গেছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তিন পুলিশ সদস্য হলেন, এস আই আব্দুল জব্বার, এসআই দেওয়ান শফিকুল এবং এএসআই শফিকুল ইসলাম।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তৌসিফ সরকার প্রিয় জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশ ইনজুরি রয়েছে তাদের চিকিৎসা চলছে।
সঞ্জিব দাস/মেহেদী/