রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আবিদা সুলতানা নিশা (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার স্বামী মো. তাফসিরকে (৩০) জিজ্ঞাসাবাদ করেছে ভাটারা থানার পুলিশ। আর এই জিজ্ঞাসাবাদের সূত্র ধরে পুলিশ তাফসিরের ফ্ল্যাট থেকে ৮৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
পুলিশ জানায়, গত ৯ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে আবিদা সুলতানা নিশার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। নিশার স্বামী তাফসিরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হলে তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। পরে তাফসিরের আগের রেকর্ড যাচাই করে দেখা যায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাফসির পুলিশের কাছে স্বীকার করেন যে, তিনি মাদকের কারবারের সঙ্গে জড়িত এবং তার বাসায় বিপুল পরিমাণ গাঁজা মজুত রয়েছে। পরে পুলিশের একটি দল ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮৬ কেজি গাঁজা উদ্ধার করে, যার বাজারমূল্য ১৭ লাখ ২০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম খবরের কাগজকে বলেন, ‘গ্রেপ্তার তাফসির সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, উদ্ধার করা গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে হেফাজতে রেখেছিলেন তিনি। তার বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। স্ত্রীর মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।’