সিলেটে মাদরাসায় যাওয়ার পথে এক শিক্ষক ছুরিকাঘাতে খুন হয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মাওলানা যুবায়ের আহমদ (৪৫)। তিনি আখালিয়া বড়গাল এলাকার মৃত মদরছিল আলীর ছেলে এবং স্থানীয় ডা. তানজিনা আহমদ দাখিল মাদরাসার সুপার।
নিহতের ভাগ্নে হেলাল উদ্দিন জানান, মাওলানা যুবায়ের আহমদ প্রতিদিনের মতো মাদরাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে তার আত্মীয় নয়ন আহমেদের সাথে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নয়ন ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এরপর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ জানান, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। কিছুদিন আগে মাওলানা যুবায়ের আহমদ নয়নকে তার ছেলের সঙ্গে মিশতে নিষেধ করেছিলেন। এ কারণেই হয়ত আজ মাওলানা যুবায়ের আহমদের উপর রাস্তার ময়লা পানি ছিটা দেয়, এতে তার কাপড় নষ্ট হয়ে যায়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নয়ন তাকে ছুরি দিয়ে আঘাত করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নাঈম/অমিয়/