ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে টঙ্গীতে নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে টঙ্গীর গোপালপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতাররা হলেন- আশামনি (২৬), শেখ ফরিদ (২৬), জহিরুল ইসলাম (৪৫), জাবেদ হোসেন সবুজ (৫০), লাভলু মিয়া (৪৫), মো. বশির (৩৫)। এদের দলের আরেক সদস্য- প্রেমের অভিনয়কারী সাবিনা (৪৫) পলাতক রয়েছেন।
ভুক্তভোগী মো. সুজন বেপারী বলেন, আমি ঢাকার নবাবগঞ্জে ব্যবসা করি। প্রায় একমাস আগে সাবিনা নামে এক নারীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের পর থেকে সে প্রায়ই আমাকে টঙ্গীতে দেখা করার প্রস্তাব দেয়। একপর্যায়ে গত মঙ্গলবার রাত ১০টার দিকে আমী টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকায় পৌঁছলে অভিযুক্তরা কৌশলে আমাকে অপহরণ করে গোপালপুরের নর্দান গার্মেন্টসের গলির দুলাল মিয়ার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে অভিযুক্তরা আমাকে আটক করে মানিব্যাগ থেকে ৩ হাজার টাকা নেওয়ার পর মারধর শুরু করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে স্থানীয়দের ৯৯৯- এ কল পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ফেসবুকে বন্ধুত্বের আড়ালে সংঘবদ্ধ চক্রটি এ ধরনের প্রতারণা ও অপহরণের সঙ্গে জড়িত। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি মামলা শেষে বুধবার (১৩ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।
পলাশ/মেহেদী/