রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে রনি খান (২০) নামে এক যুবককে ধারালো অস্ত্রে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পার্টেক্স গলি এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রায়েরবাজার এলাকার ‘দাঁতভাঙা সোহাগ’ গ্রুপের সদস্যরা প্রতিপক্ষ গ্যাং ‘পিচ্চি আবীর’ গ্রুপের সদস্য রনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা রনির স্বজনদের জানান, রনির মাথার হাড় ভেঙে গেছে। এছাড়া হাঁটুর হাড় প্রায় বিচ্ছিন্ন ও শরীরের বিভিন্ন জায়গায় কোপের চিহ্ন রয়েছে।
আহত রনির বড় ভাই মোহাম্মদ রকি জানান, রনি একসময় মোহাম্মদপুর এলাকায় থাকলেও বর্তমানে মেঘনা ভাটারচর এলাকার সিনোবাংলা নামে একটি কোম্পানিতে চাকরি করেন। কবে বা কখন রায়েরবাজারে এসেছিলেন তা তারা আগে জানতেন না। আহত হওয়ার খবর পেয়ে রনিকে হাসপাতালে নেন স্বজনরা।
রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হাসান বলেন, কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে রনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আহত রনির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা রয়েছে, যার মধ্যে দুটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
আলমগীর হোসেন/অমিয়/