ভুয়া ভিসায় ইতালিতে লোক পাঠিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার ব্যক্তি ফরিদপুরের সালথা উপজেলার ইসুবদিয়া গ্রামের বাসিন্দা মিলন মিয়া (৪২)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
তিনি জানান, ভুয়া ভিসায় ইতালিতে লোক পাঠিয়ে প্রতারণা ও বিপদগ্রস্ত করার অভিযোগে পল্টন থানায় একটি মামলা হয়েছিল। সেই মামলায় গত সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর শহরের চকবাজার এলাকা থেকে প্রতারক চক্রের সদস্য মিলনকে গ্রেপ্তার করে সিআইডি।
জসীম উদ্দিন খান বলেন, ইতালিতে লোক পাঠানোর কথা বলে প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। তারা প্রথমে লোভনীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের চুক্তি করত। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নেওয়া হতো সেই অর্থ। পরে ভুক্তভোগীদের হাতে ধরিয়ে দেওয়া হতো ভুয়া ভিসা। কখনো কখনো আবার তাদের পাসপোর্ট আটকে রেখে হয়রানিও করা হতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন মিয়া জানান, ভিজিট ভিসায় ইতালিতে পাঠানোর কথা বলে ফরিদপুরের একজনের সঙ্গে ২২ লাখ টাকার চুক্তি করেছিলেন তিনি। ওই ব্যক্তির কাছ থেকে ৭ লাখ টাকা অগ্রিমও নেন। তিনি স্বীকার করেন, এই চক্রে আরও কয়েকজন সদস্য রয়েছে। মিলন মূলত তাদের হয়ে বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করতেন। ভাগ্য বদলের আশায় বিদেশ যেতে আগ্রহী ব্যক্তিরাই ছিলেন তাদের প্রধান টার্গেট। ফরিদপুর, নড়াইল, নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় এ চক্রের নেটওয়ার্ক বিস্তৃত।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ইতালি ও লিবিয়ায় লোক পাঠানো চক্রের মূল হোতা হলেন জনৈক জোসনা বেগম ও মাহবুব।
আলমগীর/মেহেদী/