চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় লোটাস ফুটওয়্যার লিমিটেড নামে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় এডিডাস, নাইকি ও বাটাসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের নকল জুতা তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে কারখানাটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫০ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, বেশ কিছুদিন আগে এওচিয়া ইউনিয়নের পাহাড়ি অঞ্চল ছনখোলা গ্রামে লোটাস ফুটওয়্যার লিমিটেড নামের কারখানাটি গড়ে তোলা হয়। সেখান থেকে তারা এডিডাস, নাইকি ও বাটাসহ নানা আন্তর্জাতিক ব্র্যান্ডের নকল জুতা তৈরি করে বাজারে সরবরাহ করতো। সম্প্রতি বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসায় সেখানে অভিযান চালিয়ে অর্থদণ্ড করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান খবরের কাগজকে বলেন, “এসব নকল জুতার গুণগত মান নিম্নমানের হওয়ায় তা ভোক্তাদের প্রতারিত করছে এবং বাজারে প্রকৃত ব্র্যান্ডের সুনাম নষ্ট করছে। তাই ওই জুতার কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কাজ না করার জন্য সতর্ক করা হয়েছে।”
আরিফুল/মেহেদী/